খসড়া ফাঁসে আরও কয়েকজন জড়িত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের খসড়া ফাঁসের ঘটনায় আরও কয়েকজনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় গ্রেপ্তার নয়ন আলী ও ফারুক হোসেন এবং একজন আইনজীবীর সহকারী ছাড়া আরও দু-একজনের নাম পাওয়া গেছে। যাচাই-বাছাইয়ের পর তাঁদের সম্পৃক্ততা পাওয়া গেলে আইনের আওতায় আনা হবে। তবে তদন্তের স্বার্থে তাঁদের নাম এখন প্রকাশ করা যাচ্ছে না। গতকাল দুপুর ১২টার দিকে ডিবির (দক্ষিণ) উপকমিশনার কৃষ্ণপদ রায়ের নেতৃত্বে ডিবির একটি দল ট্রাইব্যুনাল পরিদর্শন করে। তারা ট্রাইব্যুনালের আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।
কৃষ্ণপদ রায় সাংবাদিকদের বলেন, তদন্তে গ্রহণযোগ্য অগ্রগতি হয়েছে। নয়নকে গ্রেপ্তারের পর তাঁকে ট্রাইব্যুনালে নিয়ে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, তদন্তের অংশ হিসেবে ট্রাইব্যুনালের বিচারকদের সঙ্গেও কথা বলা হয়েছে।
দুই আসামির স্বীকারোক্তি: ডিবি কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, আসামি নয়ন ও ফারুককে আট দিনের রিমান্ডে আনা হয়েছে। তাঁরা অপরাধের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদ, প্রাথমিক তদন্তসহ বিভিন্ন দিক খতিয়ে দেখে মনে হচ্ছে, পরিকল্পিতভাবে এ রায়ের খসড়া ফাঁস করে ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।
রায়ের খসড়া ফাঁস হওয়ার বিষয়টি আগে থেকেই সালাউদ্দিন কাদের চৌধুরী জানতেন কি না, এই প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, তদন্ত করে দেখা হচ্ছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীর সহকারীর এই ঘটনায় সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে মনিরুল বলেন, ‘আইনজীবীর সহকারীর সম্পৃক্ততার বিষয়ে আমরা বেশ কিছু আলামত পেয়েছি।’
গত মঙ্গলবার ট্রাইব্যুনাল-১ এ সাকা চৌধুরীর মামলার রায় ঘোষণার সময় তাঁর পরিবারের সদস্যরা দাবি করেন, রায়ের অনুলিপি আগের রাতে একটি ওয়েবসাইটে পেয়েছেন তাঁরা।
পরদিন বুধবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার নাসির উদ্দিন মাহমুদ রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ট্রাইব্যুনালের কম্পিউটার থেকে রায়ের খসড়া ফাঁস হয়ে থাকতে পারে বলে জানান তিনি।
পরে ডিবি তদন্তে নেমে জানতে পারে ট্রাইব্যুনালের অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী নয়ন এর সঙ্গে জড়িত। গ্রেপ্তারের পর নয়ন ট্রাইব্যুনালের চেয়ারম্যানের কক্ষের কম্পিউটার থেকে রায়ের খসড়া পেনড্রাইভে করে নিয়ে তা সাকার আইনজীবীর সহকারী মেহেদী হাসানকে সরবরাহ করার কথা স্বীকার করেন বলে ডিবি দাবি করে। ডিবি দাবি করেছে, মেহেদীর সঙ্গে নয়নের পরিচয় করিয়ে দিয়েছেন ট্রাইব্যুনালের কর্মচারী ফারুক। চুরি করা রায়ের খসড়া দেশের বাইরে পাঠান মেহেদী। বিদেশ থেকে তা ইন্টারনেটে প্রচার করা হয়। এ ঘটনায় তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি আইনে শাহবাগ থানায় মামলা হয়েছে। মামলায় ট্রাইব্যুনালের ওই দুই কর্মী ছাড়াও আইনজীবীর সহকারী মেহেদী হাসানকে আসামি করা হয়েছে। মেহেদী এখন পলাতক।