খসড়া সম্প্রচার নীতিমালা গণমাধ্যমবান্ধব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি রেডিও ও টেলিভিশনের জন্য সরকারের তৈরি করা খসড়া সম্প্রচার নীতিমালা গণমাধ্যমবান্ধব নয় বলে মত দিয়েছে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি সংবিধানে বর্ণিত গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে সংগতি রেখে নতুন করে নীতিমালা তৈরির সুপারিশ করে খসড়াটি ফেরত পাঠিয়েছে।গতকাল বৃহস্পতিবার সংসদ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকের পর কমিটির সভাপতি ওবায়দুল কাদের প্রথম আলোকে জানান, কমিটি সংবিধান এবং তথ্য অধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিমার্জিত একটি নীতিমালা তৈরির সুপারিশ করেছে। নীতিমালা চূড়ান্ত করার আগে এ বিষয়ে বেসরকারি রেডিও ও টেলিভিশনের মালিকপক্ষ এবং বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে বলা হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের বিবিসিসহ বিশ্বের অন্যান্য উন্নত দেশের সম্প্রচার নীতিমালা পর্যালোচনার কথা বলা হয়েছে। ওবায়দুল কাদের বলেন, ‘আমরা গণমাধ্যমবান্ধব একটি নীতিমালা চাই। গণমাধ্যমের জন্য হুমকি হবে, এমন কোনো নীতিমালা চাই না। আবার এমন নীতিমালাও চাই না, যাতে গণমাধ্যমের স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ থাকবে। তাই নীতিমালাটি চূড়ান্ত করার আগে জনমত যাচাইয়ের প্রয়োজন আছে।’কমিটির সভাপতি বলেন, এ জন্য তাঁরা খসড়াটি তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের সুপারিশ করেছেন। তথ্য মন্ত্রণালয় একতরফাভাবে খসড়া নীতিমালাটি তৈরি করেছে বলে মন্তব্য করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এ জ্যেষ্ঠ নেতা। বেসরকারি রেডিও ও টেলিভিশনের খসড়া সম্প্রচার নীতিমালাটি গত ৩০ জুন তথ্য মন্ত্রণালয় যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এই খসড়া নিয়ে এরই মধ্যে গণমাধ্যম ও বিশেষজ্ঞ মহলে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, নীতিমালাটি নিয়ন্ত্রণমূলক ও উদ্বেগজনক। এটি অনুমোদন হওয়ার আগে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন।খসড়া এই নীতিমালায় বেসরকারি রেডিও ও টেলিভিশনের অনুষ্ঠান প্রচারের ওপর ৪৪টি এবং বিজ্ঞাপন প্রচারের জন্য ৬৩টি শর্ত রয়েছে। এসবের মধ্যে রয়েছে সরাসরি বা বিজ্ঞাপনের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের বক্তব্য প্রচার, ‘অযোগ্য ব্যক্তির’ প্রশংসা বা কোনো জাতীয় চরিত্রের প্রতি কটাক্ষ করার ওপর নিষেধাজ্ঞা। শর্তের যেকোনো একটি ভঙ্গ করলে সংশ্লিষ্ট রেডিও বা টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেওয়ার ক্ষমতা সরকারের থাকবে। সূত্র জানায়, কমিটি বাংলাদেশ বেতারের শিল্পী সম্মানী বাড়িয়ে নতুন করে নির্ধারণের সুপারিশ করেছে। বিটিভির সম্মানী ভাতার জন্যও নতুন নীতিমালা তৈরির সুপারিশ করা হয়েছে। ওবায়দুল কাদেরের সভাপতিত্বে গতকালের বৈঠকে কমিটির সদস্য ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, শাহিন মনোয়ারা হক ও সুকুমার রঞ্জন ঘোষ অংশ নেন।