খসড়া স্বাস্থ্যনীতির ওপর চট্টগ্রামে বিভাগীয় কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খসড়া জাতীয় স্বাস্থ্যনীতি-২০১০-এর ওপর এক কর্মশালা গতকাল সোমবার সকালে চট্টগ্রাম নগরের ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে চিকিৎসক, সাংবাদিক, ইমামসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খসড়া স্বাস্থ্যনীতির ওপর তাঁরা তাঁদের মতামত ব্যক্ত করেন।কর্মশালা শেষে সংবাদ সম্মেলনে নীতির বিভিন্ন দিক তুলে ধরেন স্বাস্থ্যসচিব শেখ আলতাফ আলী। এতে বলা হয়, ২০০০ সালের স্বাস্থ্যনীতিকে ভিত্তি ধরে জাতীয় স্বাস্থ্যনীতি-২০১০ প্রণয়নের কাজ চলছে। ইতিমধ্যে খসড়া নীতি করা হয়েছে। এর ওপর বিভাগীয় পর্যায়ে ছয়টি কর্মশালার পর চূড়ান্ত স্বাস্থ্যনীতি ঘোষণা করা হবে। ২০১০ সালের মধ্যে এ কাজ শেষ করা হবে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘স্বাস্থ্যনীতির ওপর ভিত্তি করে আমরা কর্মকৌশল প্রণয়ন করব। তখন বিভিন্ন হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ঘাটতি দূর করার পদক্ষেপ নেওয়া হবে।’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন স্বাস্থ্যনীতি চূড়ান্তকরণ কমিটির আহ্বায়ক ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক খন্দকার সিফায়েত উল্লাহ। এ ছাড়া কমিটির সদস্য খায়রুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. সিদ্দিকুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর হোসেন মল্লিক, বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মাহমুদ এতে উপস্থিত ছিলেন।