খাঁ খাঁ করছে চিড়িয়াখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চিড়িয়াখানার বানরের খাঁচার সামনে দাঁড়াতেই চোখে পড়ল ছোট্ট জলাধারে সাঁতার কাটছে কয়েকটি বানর। দর্শকের দেখা পেয়ে পানি থেকে উঠে গা ঝাড়া দিয়ে এগিয়ে এল। হাত বাড়াল খাঁচার ফাঁক দিয়ে। দর্শকদের দু-চারজনের কাছ থেকে এভাবে বাদাম বা পছন্দের কোনো খাবার নিয়ে খেয়ে অভ্যস্ত ওরা। কিন্তু আজ সে রকম দর্শক নেই।
আরেকটু ভেতরে যেতে চোখে পড়ে লোহার খাঁচায় বাঘ আর সিংহের অস্থির পায়চারি। খাবার পড়ে আছে, খানিক পর পর শোনা যাচ্ছে হালুম-হালুম গর্জন। এভাবে জানান দিচ্ছে তেজোবীর্য। কিন্তু দেখার কেউ নেই।

২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধে মিরপুরে ঢাকা চিড়িয়াখানার সামনে নেই দর্শনার্থীর ভিড়। ছবি: আশরাফুল আলম
২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধে মিরপুরে ঢাকা চিড়িয়াখানার সামনে নেই দর্শনার্থীর ভিড়। ছবি: আশরাফুল আলম

এমন দর্শকশূন্য অবস্থা কেবল বাঘ আর বানরের খাঁচার সামনেই নয়, ১৮৬ একর জায়গাজুড়ে থাকা চিড়িয়াখানার সবখানেই। টানা অবরোধ-হরতালের কারণে দর্শনার্থীরা এখন চিড়িয়াখানায় যাওয়া কমিয়ে দিয়েছে। প্রতিবছর এই সময় চিড়িয়াখানায় প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ হাজার দর্শক থাকে। এখন হাজার দুয়েক দর্শকও মিলছে না।
চিড়িয়াখানার কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৪ সালের প্রথম দিকে এমন অবস্থা হয়েছিল। তবে ফেব্রুয়ারি মাসে চিরচেনা রূপে ফিরে যায় পশুপাখিদের শহুরে আবাসস্থলটি। এ বছর জানুয়ারি পেরিয়ে চলে এল ফেব্রুয়ারি। কিন্তু ভরা মৌসুমে দর্শকদের দেখা নেই। এর ধকলে চিড়িয়াখানাকেন্দ্রিক হাজারো ব্যবসায়ীর মাথায় হাত। তাই আয় কম, খরচ বেশি। বেলা শেষে হিসাব কষে তাই কয়েক লাখ টাকার লোকসানের বোঝা চাপছে তাঁদের কাঁধে। এই পরিস্থিতিকে তাঁরা বলছেন—‘ভয়াবহ দুর্যোগ’।

ময়ূরের খাঁচার সামনে মাত্র একজন দর্শক। ছবি: আশরাফুল আলম
ময়ূরের খাঁচার সামনে মাত্র একজন দর্শক। ছবি: আশরাফুল আলম

নিরিবিলি চারদিক: ১৮ ফেব্রুয়ারি চিড়িয়াখানায় প্রবেশপথে দেখা গেছে, ১২টি টিকিট কাউন্টারের মধ্যে সাতটিই বন্ধ। প্রবেশপথে ভিড় নেই। কাউন্টারের মধ্যে থেকে আওয়াজ আসছে, ‘ভাই, টিকিট নেন, টিকিট।’
ফটকের সামনে হাঁকডাকে ভরা হকারদের চিরচেনা সেই দৃশ্য নেই বললেই চলে। ভেতরে নেই দর্শকদের হইহল্লা। বনভোজনের দুটি স্থান (পিকনিক স্পট) খালি পড়ে আছে। তাই পশুগুলোর ডাক-গর্জন আর পাখির কিচিরমিচিরই ছিল বেশি। দর্শকদের বেশির ভাগ চিড়িয়াখানার আশপাশের এলাকা থেকে এসেছেন।
দুপুরের দিকে বাঘের খাঁচায় কোনো দর্শকই পাওয়া গেল না। মিনিট দশকের পর স্ত্রী-পুত্র নিয়ে শামসুল আলম নামের এক দর্শক এলেন সেখানে। হরতাল-অবরোধে আসতে সমস্যা হয়েছে কি না—জানতে চাইলে শামসুল আলম বলেন, ‘ভাই, মিরপুরের একটি কোম্পানিতে বউয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হয়েছে, তাই পরিবার নিয়ে এখানে এসেছি। অবরোধে কি মাথা খারাপ হয়েছে যে চিড়িয়াখানায় আসব!’
কালেভাদ্রে দর্শনার্থী আসায় চিড়িয়াখানার ভেতরও ব্যবসা বন্ধ হওয়ার দশা ক্ষুদ্র ব্যবসায়ীদের। খিরাই বিক্রেতা সুমনের কণ্ঠে হতাশা। তিনি বলেন, ‘আইজ চারটা খিরাই বিক্রি করছি। এর চাইতে বাইরে গিয়্যা বিক্রি করণ ভালা।’
আর আবদুল কুদ্দুস বেলা একটা পর্যন্ত বিক্রি করেছেন ১০ টাকা দামের দুটি ময়ূরের পালক। তিনি জানান, হরতাল না হলে দিনে ১০০টি পালক বিক্রি হতো।

চিড়িয়াখানায় এসে কাছ থেকে জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার দেখার সুযোগটা কেউ হাতছাড়া করতে চায় না। সেই বাঘের খাঁচার সামনেও দর্শকের আক্রা। ছবি: আশরাফুল আলম
চিড়িয়াখানায় এসে কাছ থেকে জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার দেখার সুযোগটা কেউ হাতছাড়া করতে চায় না। সেই বাঘের খাঁচার সামনেও দর্শকের আক্রা। ছবি: আশরাফুল আলম

কোটি টাকা লোকসান: চিড়িয়াখানা কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ভ্যাটসহ ছয় কোটি ৩৯ লাখ টাকায় অ্যাডোনাইস ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে এক বছরের জন্য টিকিট বিক্রির ইজারা দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বাইরে যানবাহন পার্কিংয়ের ইজারা একই প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে সাড়ে ৮৬ লাখ টাকায়। তবে প্রাণীগুলোর খাবার, রক্ষণাবেক্ষণ, চিড়িয়াখানার কর্মচারীদের বেতনের টাকা সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়। এসব খাতে চলতি অর্থবছরে বরাদ্দ এসেছে ১২ কোটি টাকা। টিকিট-পার্কিং, হোটেল ইজারা ও পিকনিক স্পট ভাড়া দিয়ে গত অর্থবছরে নয় কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে এ বছর সেই আয় কমে যাওয়ার আশঙ্কায় আছেন তারা।
ইজারাদার প্রতিষ্ঠান অ্যাডোনাইস ট্রেড জানায়, ৫ জানুয়ারি অবরোধ শুরুর পর ৯০ শতাংশ দর্শক কমে গেছে। ৪৪ দিনের অবরোধে (১৮ ফেব্রুয়ারি পর্যন্ত) কেবল টিকিট বিক্রিতেই আয় কমেছে তাদের এক কোটি টাকারও বেশি। আর যানবাহন পার্কিংয়ে ক্ষতি হয়েছে প্রায় ১৬ লাখ টাকা।
প্রথম আলোকে দেওয়া প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাজী মাহমুদুন্নবীর ভাষ্য, অবরোধের আগে প্রতিদিন গড়ে টিকিট বিক্রি হতো ১৫ হাজার। এখন সেই সংখ্যা দুই হাজারে কমে এসেছে। ২০ টাকার প্রতিটি টিকিট বিক্রি করে এখন আয় হচ্ছে মাত্র ৪০ হাজার টাকা। এর সঙ্গে কর্মচারীর বেতনসহ অন্যান্য খরচ করে কিছুই থাকছে না। তিনি আরও জানান, ছেলেমেয়েদের স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ, বিভিন্ন অফিসের বনভোজন ও শীতের মৌসুমের জন্য ডিসেম্বর থেকে মার্চ মাস ব্যবসা ভালো হয়। এবার লোকসান নয়, ব্যবসা ধ্বংস হয়ে গেছে তাঁদের।

দর্শনার্থী নেই বলে খাঁ খাঁ করছে খাবারের দোকানগুলোও: আশরাফুল আলম
দর্শনার্থী নেই বলে খাঁ খাঁ করছে খাবারের দোকানগুলোও: আশরাফুল আলম

কাজী মাহমুদুন্নবী বলেন, ‘এত বড় ভয়াবহ দুর্যোগ আগে কখনো হয়নি। গাড়ি পার্কিংয়ে আগে প্রতিদিন আসত ৪৫ হাজার টাকার মতো। এখন সেটি কমে হয়েছে নয় হাজার টাকা।’
পিকনিক বন্ধ: ঢাকা চিড়িয়াখানায় বিলের পাশে ‘উৎসব’ ও ‘নিঝুম’ নামে দুটি পিকনিক স্পট রয়েছে। উৎসবের এক দিনের ভাড়া ১০ হাজার ও নিঝুমের ভাড়া সাড়ে ছয় হাজার টাকা। কিন্তু পাঁচ সপ্তাহ ধরে বনভোজনের সব বুকিং বাতিল হয়ে গেছে।
ঢাকা চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর মাকসুদুল হাসান বলেন, ‘শীতের সময় বনভোজনের বুকিং দিতে হিমশিম খেতে হয়। আয়োজকেরা এ সময় হুমড়ি খেয়ে পড়েন। আর এখন তাঁরা অনুষ্ঠান বাতিল করেছেন। অবরোধের দেড় মাসে পিকনিক স্পট থেকে প্রায় ৫০ লাখ টাকা আয় কমে গেছে।’