খাঁচাবন্দী প্রাণীগুলো সাড়ে পাঁচ লাখ মানুষের ধকল সইল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদেহী িনরীহ িজরাফ দর্শনার্থীদের আকর্ষণ করে। ফলে জাতীয় চিড়িয়াখানায় িজরাফদের ধকলও পোহাতে হয় অনেক। এর জন্য তাদের নিয়মিত শুশ্রূষা দিতে হয়। ঈদে দর্শনার্থী বেশি হওয়ায় নিয়মিত িভটামিন িমশ্রিত পানি খাওয়াতে হচ্ছে জিরাফদের। গতকাল শুক্রবার তোলা ছবি l সাজিদ হোসেন
দীর্ঘদেহী িনরীহ িজরাফ দর্শনার্থীদের আকর্ষণ করে। ফলে জাতীয় চিড়িয়াখানায় িজরাফদের ধকলও পোহাতে হয় অনেক। এর জন্য তাদের নিয়মিত শুশ্রূষা দিতে হয়। ঈদে দর্শনার্থী বেশি হওয়ায় নিয়মিত িভটামিন িমশ্রিত পানি খাওয়াতে হচ্ছে জিরাফদের। গতকাল শুক্রবার তোলা ছবি l সাজিদ হোসেন

ঈদুল ফিতরের দিন থেকে গত পাঁচ দিনে সাড়ে পাঁচ লাখ মানুষ দেখেছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণীরা। আজ শনিবার সাপ্তাহিক ছুটির শেষ দিনে দেখতে হবে আরও লাখখানেক মানুষ। এই বিপুল দর্শনার্থীর খুনসুটি থেকে উৎপীড়ন পর্যন্ত বিচিত্র রকম আচরণ প্রভাব ফেলছে প্রাণীদের স্বাভাবিক জীবনচক্রে। ধকল যায় প্রাণীদের শরীরের ওপর দিয়েও।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, প্রতিবারই ঈদের পর কিছু প্রাণী অসুস্থ হয়ে পড়ে। তাদের শারীরিক ও মানসিক ধকল কাটাতে এবারও চিড়িয়াখানার ডেপুটি কিউরেটরের নেতৃত্বে চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে প্রাণীদের বাড়তি পরিচর্যা দেওয়া হচ্ছে। এই সময়টায় পশুপাখিদের শরীর ও আচরণ স্বাভাবিক রাখতে পানীয় জলের সঙ্গে স্যালাইন এবং খাবারের সঙ্গে পীড়ননিরোধী বিশেষ ভিটামিন দিতে হয়।
ঢাকা চিড়িয়াখানায় প্রায় আড়াই হাজার বন্য পশুপাখি আছে। সব প্রাণীকে দর্শনার্থীর ধকল পোহাতে হয় না। বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা ও বানর প্রজাতির প্রাণীদের প্রতি দর্শনার্থীদের আকর্ষণ বেশি। অধিকাংশ দর্শনার্থী বাঘ ও সিংহের গর্জন আশা করে। তারা নানাভাবে এই প্রাণীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, উত্ত্যক্ত করে। দেখা যায়, জিরাফ ও জেব্রাসহ তৃণভোজী প্রাণীদের গাছের ডাল ভেঙে খাওয়ানোর চেষ্টা করছে কিছু দর্শনার্থী।

বানরের প্রতি মানুষের আগ্রহ প্রবল। দর্শকদের আনন্দ দিতে গিয়ে বেশি অসুস্থও হয় তারা
বানরের প্রতি মানুষের আগ্রহ প্রবল। দর্শকদের আনন্দ দিতে গিয়ে বেশি অসুস্থও হয় তারা

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, বেলা ১১টার মধ্যে বাঘ ও সিংহকে খাবার দেওয়া হয়। খেতে তাদের দেড় থেকে দুই ঘণ্টা লাগে। এরপর তিন থেকে চার ঘণ্টা ঘুমায়। বিকেল চার-পাঁচটায় ঘুম ভাঙে। কিন্তু এই সময়ে প্রচুর দর্শনার্থী আসে। তারা বাঘ ও সিংহের ঘুমিয়ে থাকা পছন্দ করে না। হাঁকডাক ছেড়ে এমনকি ঢিল ছুড়ে তাদের জাগানোর চেষ্টা করে তারা।
গতকাল দুপুরে ঘুমিয়ে পড়া বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে শনির আখড়া থেকে আসা দর্শনার্থী হিমেল বলেন, ‘বউ, পোলাপাইন নিয়া এত দূর থেইক্কা এত টাকা খরচ কইরা আইছি ঘুমান দেখনের লাইগ্যা?’ তিনি হাতে থাকা খালি পানির বোতলটি ছুড়ে মারেন।
চিড়িয়াখানার প্রাণী স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, বাঘের হালুম দেখার জন্য ঢিল ছুড়ে দেয়, মামা বলে চিৎকার করে। এতে খাঁচায় আবদ্ধ বাঘ ও সিংহ খুব বিরক্ত হয়। অনেক সময় ক্ষিপ্ত হয়ে বিকট গর্জন করে। এতে তাদের শক্তি ক্ষয় হয়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়। স্বাভাবিক খাওয়াদাওয়া করতে চায় না।
দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, এ অবস্থায় খাঁচায় আবদ্ধ বাঘ ও সিংহের শক্তি ক্ষয়রোধে মাল্টি ভিটামিন ও মাল্টি মিনারেল দেওয়া হচ্ছে।
দর্শনার্থীরা বানরের ‘বাঁদরামি’ উপভোগ করে বেশি। তাই বানরের সঙ্গে দর্শনার্থীরা বেশি খুনসুটি করছে। অনেকে বাদাম দিচ্ছে, একজনকে দেখা গেল জ্বলন্ত সিগারেট দিতে। বানর সবই নিচ্ছে। মাঝেমধ্যে ভেংচি দিচ্ছে।

ক্ষিপ্র জেব্রাকে কাছ থেকে দেখার জন্য ভিড় থাকে সব সময়। আবার বেশি মানুষের কারণে দ্রুত ত্যক্তবিরক্ত হয় তারা
ক্ষিপ্র জেব্রাকে কাছ থেকে দেখার জন্য ভিড় থাকে সব সময়। আবার বেশি মানুষের কারণে দ্রুত ত্যক্তবিরক্ত হয় তারা

চিড়িয়াখানার কিউরেটর নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, চিড়িয়াখানায় সব প্রাণীর খাঁচার সামনে তাদের পরিচয় এবং আচার-আচরণের ব্যাপারে নির্দেশনা ও সতর্কতামূলক বার্তা দেওয়া আছে। দর্শনার্থীদের উচিত তা মেনে চলা। বন্য প্রাণী মানেই হিংস্র। এর ধারেকাছে না যাওয়া, কোনো খাবার না দেওয়া।
এ ছাড়া টিয়া, ময়না, ময়ূর ও লাভ বার্ডসহ দৃষ্টিনন্দন পাখিদের প্রতি দর্শনার্থীদের দুর্বলতা দেখা যায়। দর্শনার্থীরা বেশির ভাগ সময় কাটায় এসব প্রাণীর খাঁচার সামনে। তাদের চেষ্টা থাকে পছন্দের প্রাণীর সঙ্গে খুনসুটি করার, কখনো কখনো গায়ে হাত বুলিয়ে আদর করার। অনেকে আবার চায় প্রাণীকে খাওয়াতে।
ময়না ও লাভ বার্ডের ঘরের সামনে গিয়ে দর্শনার্থীরা নানা কথা বলে। এর মধ্যে ময়না পাখি দর্শনার্থীদের বলা কথা অনুকরণ করে। পাখি শাখার কর্মকর্তা জানান, এভাবে জনে জনে কথার জবাব দিতে গিয়ে পাখিরা ক্লান্ত হয়ে পড়ে। একসঙ্গে একাধিক ব্যক্তির কথা শুনে তারা ত্যক্ত-বিরক্ত হয়।

ময়ূরপুচ্ছ দেখার সৌভাগ্য সবার হয় না। পেখম মেলানোর জন্য দর্শকেরা তাদের বিরক্ত করে প্রায়ই
ময়ূরপুচ্ছ দেখার সৌভাগ্য সবার হয় না। পেখম মেলানোর জন্য দর্শকেরা তাদের বিরক্ত করে প্রায়ই

চিড়িয়াখানার বন্য প্রাণীবিষয়ক বিশেষজ্ঞ কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের চিড়িয়াখানার ব্যবস্থাপনার মান বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় অনেক কম। এ অবস্থায় সেখানে প্রতিদিন এক লাখ লোকের প্রবেশ চিড়িয়াখানার ধারণার সঙ্গে সাংঘর্ষিক। চিড়িয়াখানা প্রাণীদের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপন এবং প্রাণী চেনানোর জায়গা। কিন্তু এখন যে পর্যায়ে মানুষ যায় এবং যেসব আচরণ করে, তা দেখলে মনে হয় এটা সার্কাসের জায়গা। এ বিষয়গুলো এখন আমাদের গুরুত্ব দিয়ে ভাবা উচিত।’