খাঁচায় মাছ চাষ, খুশি চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে খাঁচায় মাছ চাষ করছেন বেলাল হোসেন l প্রথম আলো
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে খাঁচায় মাছ চাষ করছেন বেলাল হোসেন l প্রথম আলো

কুড়িগ্রামে নদ-নদীতে খাঁচায় মাছ চাষ করে লাভের মুখ দেখছেন চাষিরা। এতে আগ্রহী হচ্ছেন অন্যরাও।
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলা ও নাগেশ্বরী উপজেলার মাছচাষিদের সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারীর পাইকেরছড়া এলাকা ও নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গায় দুধকুমার নদে ১০টি করে মোট ২০টি ও চিলমারী ব্রহ্মপুত্র নদে ১০টি খাঁচায় মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করছেন ২১ জন মাছচাষি। বিভিন্ন স্থানে প্রশিক্ষণ নিয়ে চলতি বছরের প্রথম দিকে মাছ চাষ শুরু করেন তাঁরা। চার মাস পর ১০টি খাঁচা থেকে মাছ বিক্রি করে খরচ বাদ দিয়ে তাঁরা ৩০ থেকে ৪০ হাজার টাকা লাভ করছেন।
ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া গ্রামের রিয়াজুল ইসলাম বলেন, তাঁর নিজের কোনো জমি নেই। সোনাহাট সেতুর মাথায় (দুধকুমার নদের পাড়ে) তিনি মুঠোফোনে ফ্ল্যাক্সি লোডের ব্যবসা করতেন। একদিন ভূরুঙ্গামারী উপজেলা মৎস্য কর্মকর্তা এ রহমান খান সেখানে এসে খাঁচায় মাছ চাষের জন্য ১০ জনের একটি দল গঠন করতে বলেন। এরপর তাঁরা ১০ জন প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ শুরু করেন। মৎস কার্যালয় থেকে তৈরি খাঁচা, মাছের পোনা ও খাদ্য সরবরাহ করা হয়। প্রথমে ১০টি খাঁচা তৈরি করতে প্রায় ৮০ হাজার টাকা খরচ হয়। এরপর রংপুর থেকে মাছের পোনা এনে কয়েক দিন পুকুরে রেখে বড় করার পর সেগুলো নদের পানিতে রাখা হয়। প্রতি খাঁচায় এক হাজার পোনা রাখা যায়। সাড়ে তিন মাস পর তাঁরা মাছ বিক্রি শুরু করেন। এখন পর্যন্ত ৮০ ভাগ মাছ ১ লাখ ২২ হাজার টাকায় বিক্রি করেছেন।
দলের সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘উৎপাদন ভালো হওয়ায় আরও ১০টি খাঁচা বানিয়েছি। কৃষিকাজের পাশাপাশি মাছ চাষ করে লাভবান হচ্ছি।’
চিলমারী উপজেলার রানীগঞ্জ এলাকার বেলাল হোসেন বলেন, তাঁর জমিজমা ব্রহ্মপুত্র নদে বিলীন হয়ে গেছে। পরে প্রশিক্ষণ নিয়ে ব্রহ্মপুত্র নদে প্রথমে একটি খাঁচা বানিয়ে মাছ চাষ শুরু করেন। ওখান থেকে যে লাভ হয়, তা দিয়ে আরও একটি খাঁচা তৈরি করেন। প্রতিবছর একটি খাঁচা থেকে তাঁর ৩০ থেকে ৪০ হাজার টাকা লাভ হয়।
ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট এলাকার আবদার হোসেন বলেন, ‘এই পদ্ধতিতে কীভাবে মাছ চাষ করা যায়, তা শিখে নিচ্ছি। ভবিষ্যতে খাঁচা বানিয়ে নদীতে মাছ চাষ করব।’
ভূরুঙ্গামারী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুর রহমান খান বলেন, জেলার দারিদ্র্য বিমোচনের জন্য ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রকল্পের আওতায় এই অঞ্চলে খাঁচায় মাছ চাষ শুরু হয়েছে। উপজেলার সব উন্মুক্ত জলাশয় ও নদীতে খাঁচায় মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করা হচ্ছে। সফলতা পাওয়ায় অনেকেই এ পদ্ধতিতে মাছ চাষে আগ্রহের কথা জানাচ্ছেন। আগামী বছর চাষের পরিধি বাড়ানো হবে।
ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রকল্পের কুড়িগ্রাম জেলা সমন্বয়কারী সিরাজুল ইসলাম বলেন, জেলায় মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি চাষিদের স্বাবলম্বী করতে প্রাথমিকভাবে তিন উপজেলায় এ পদ্ধতিতে চাষ করা হচ্ছে। মাছ চাষের পরিধি বাড়লে জেলার চাহিদা মিটিয়ে বাইরে মাছ সরবরাহ করা সম্ভব হবে।