খাঁচায় মাছ চাষ আর চোখে স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়গঞ্জে খাঁচায় মাছ চাষ করছেন পাঁচ তরুণ। ৪ ফেব্রুয়ারি মাছকে খাবার দিচ্ছেন ওই তরুণদের একজন l ছবি: প্রথম আলো
রায়গঞ্জে খাঁচায় মাছ চাষ করছেন পাঁচ তরুণ। ৪ ফেব্রুয়ারি মাছকে খাবার দিচ্ছেন ওই তরুণদের একজন l ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের সম্পন্ন ঘরের ছেলে আবু হেলাল সরকার। বাবা এলাকার মুরব্বি আবু সাইদ সরকার। স্নাতক উত্তীর্ণ আবু হেলাল সরকার একটি বেসরকারি গ্যাস-সংযোগ কোম্পানিতে চাকরি করতেন। ভালোই চলছিল সবকিছু। হঠাৎ চাকরি বাদ দিয়ে ভালো কিছু করার আশায় আরও চারজনকে সঙ্গে নিয়ে শুরু করলেন খাঁচায় মাছ চাষ।
উপজেলার নলকা ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় ফুলজোড় নদীতে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অনুমতি আর সহযোগিতায় শুরু হয় পাঁচজনের এ নতুন পথচলা। হেলালের সঙ্গে রয়েছেন লোকমান হোসেন, আবদুল মালেক, আসাদুল আলম আর এবাদত হোসেন। সবার বাড়ি একই গ্রামে।
খাঁচায় তাঁরা চাষ করছেন মনোসেক্স তেলাপিয়া মাছ। পুকুরের বদ্ধ পানির চেয়ে নদীর প্রবহমান পানিতে বড় হওয়া এ মাছের স্বাদ অনেক বেশি বলে জানালেন কয়েকজন। ফলে বাজারে এ মাছের চাহিদা যেমন বেশি, তেমনি দামও ভালো বলে জানান তাঁরা। উদ্যোগের শুরুর কথা বলতে গিয়ে আবু হেলাল সরকার বলেন, প্রতিটি খাঁচা তৈরিতে খরচ হয়েছে ১০ হাজার টাকা। তাঁদের মোট ৪৭টি খাঁচায় মাছ চাষ হচ্ছে। প্রতি খাঁচায় মাছ ছাড়া হয়েছে ১০০টি করে। প্রতিটি এক কেজি ওজন হলে বাজারে বিক্রি করা হবে। ২০ ফুট লম্বা আর ৫ ফুট গভীর এসব খাঁচার প্রতিটিতে প্রায় ১০০ কেজি করে মাছ উৎপাদিত হবে।
গত বুধবার মাছ চাষ দেখতে গিয়ে কথা হয় এলাকার পাঁচজন বাসিন্দার সঙ্গে। তাঁরা বলেন, এভাবে মাছ চাষ এলাকায় তাঁরাই প্রথম শুরু করেছেন।
উদ্যোক্তাদের একজন লোকমান হোসেন বলেন, ‘নিজের আত্মীয়রাও প্রথম দিকে বিষয়টি মেনে নিতে চাননি। তাঁরা বলতেন, ঘরের টাকা নদীতে ফেলার দরকার কী? এখন অনেকেই আমাদের কাজ দেখতে আসছেন।’ আসাদুল আলম বলেন, ‘আমাদের এ কাজকে অনেকেই পাগলামি বলেছে। কিন্তু এখন আমরা অনেকের আগ্রহ দেখতে পাচ্ছি।’ এ সাফল্যের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী বলেন, ওই পাঁচ তরুণকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, ওই তরুণদের এ উদ্যোগ অন্যদের অনুপ্রাণিত করবে।