খাঁটি সরিষার তেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনজিও কর্মকর্তা শেখ মো. মুকুল হোসেন মাগুরার আড়পাড়া বাজারের দোকান থেকে বিএসটিআইয়ের সিলযুক্ত এক বোতল সরিষার তেল কেনেন। বাসায় নিয়ে কয়েক দিন রাখার পর দেখতে পান, শীতে বোতলের তেল জমে গেছে। তিনি তেল দোকানে ফেরত আনেন। দোকানদারও দেখে হতবাক হয়ে যান। দোকানদার নৃপেন কুমার সাহা বলেন, বিএসটিআইয়ের সিল দেখে তিনি কয়েক মাস আগে ছয় বোতল সরিষার তেল কেনেন এবং তা বিক্রিও হয়ে যায়। তিনি বলেন, ‘সরিষার তেল জমে যাওয়ার ঘটনা এই প্রথম দেখলাম।’ বোতলের গায়ে কাগজের লেবেলে লেখা আছে, ‘জীবন সরিষার তেল। বোতলজাতকরণ আমেনা ট্রেডার্স, প্রো. সোহাগ, এইচএস রোড, ঝিনাইদহ। বিএসটিআই-বিডিএস-২৫, ওজন ১২০ এমএল, মূল্য ২৪ টাকা। স্বয়ংকৃত মেশিনে পরিশোধিত, বৈজ্ঞানিক প্রযুক্তিতে স্বাস্থ্যসম্মত উপায়ে খাঁটি সরিষা হইতে প্রস্তুতকৃত। ইহা শিশুদের শরীরে মালিশ করার বিশেষ উপযোগী, সর্বপ্রকার রান্না ও আচার এবং ভর্তার জন্য বিশেষভাবে তৈরি। ব্যাচ নং-০৩, উৎপাদনের তারিখ ৩.৩.১১, মেয়াদ উর্ত্তীণের তারিখ ১.১.১২।’ বিএসটিআই অনুমোদিত খাঁটি সরিষার তেলের এ নমুনা দেখে দোকানে উপস্থিত কয়েকজন ক্রেতা বলেন, ‘শীতে নারিকেল ও পামওয়েল তেল জমে। কিন্তু সরিষার তেল জমে জানতাম না, এবার জানলাম এবং দেখলাম।’ শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও উজ্জ্বল কুমার বিশ্বাস বলেন, সরিষার তেলে ভেজাল মেশানো হয়েছে। এ তেল খেলে পেটের পীড়া ও মালিশে শিশুদের ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। বোতলের গায়ে লেখা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।