চুয়াডাঙ্গা পৌরসভায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার মূল কারণ খাওয়ার পানিতে ফেকাল কলিফর্মের উপস্থিতি। ফেকাল কলিফর্ম মানুষের মলে থাকা জীবাণু। গবেষকেরা পৌর এলাকার পানি পরীক্ষা করে ফেকাল কলিফর্মের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়েছেন।
গতকাল শুক্রবার দুপুরে জেলার সিভিল সার্জন কার্যালয়ে চুয়াডাঙ্গার সার্বিক ডায়রিয়া পরিস্থিতি নিয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সংক্রামক রোগনিয়ন্ত্রণ) বেনজীর আহমেদ বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগনিয়ন্ত্রণ, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) গবেষক দল মাঠপর্যায়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে পানিতে মানুষের মলের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হয়েছে।
১ থেকে ৮ আগস্ট সকাল নয়টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এক হাজার ১১৬ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। তবে কোনো রোগী মারা যায়নি।
সংবাদ সম্মেলনে আইইডিসিআরের মেডিকেল সামাজিক বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান মু. মুশতাক হোসেন বলেন, ‘হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেছি। আক্রান্ত রোগীদের মলের নমুনা, পৌরসভার সরবরাহ করা পানি ও নলকূপের পানির নমুনা সংগ্রহ করেছি। পয়োনিষ্কাশন নালার ময়লা পানি সরবরাহ লাইনে ঢুকে পড়ায় পৌরবাসীকে সরবরাহ করা পানিতে মানুষের মলের উপস্থিতি পাওয়া গেছে, যা দ্রুত সমাধানে উদ্যোগ নিতে পৌর মেয়রকে অনুরোধ করেছি।’
আইইডিসিআরের তদন্ত কর্মকর্তা ফারহানা হক বলেন, খাবার পানিতে মানুষের মলবাহী জীবাণু ফেকাল কলিফর্মের সহনীয় মাত্রা শূন্য এফসিইউ হলেও চুয়াডাঙ্গায় এর উপস্থিতি ১০০ এফসিইউ পর্যন্ত পাওয়া গেছে, যা সত্যিই ভয়াবহ।
জেলা প্রশাসন গঠিত তদন্ত দলের প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব বলেন, পানির সরবরাহ লাইন ও পয়োনিষ্কাশন নালা পাশাপাশি অবস্থিত। অনেকের শৌচাগারের মলমূত্র পাইপের সরাসরি সংযোগ রয়েছে পয়োনিষ্কাশন নালার সঙ্গে। আবার পানির সংযোগ লাইন নেওয়া হয়েছে পয়োনিষ্কাশন নালার ভেতর দিয়ে। এর ফলে খুব সহজেই মলমূত্র পানির পাইপের ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে পড়ছে।
পৌর মেয়র রিয়াজুল ইসলাম বলেন, বেশির ভাগ গ্রাহক তাঁদের মাটির নিচে ও বাড়ির ছাদের ওপরের জলাধার নিয়মিত পরিষ্কার করেন না। এ কারণে জলাধারে জীবাণুর জন্ম হয়ে পানি দূষিত হয়ে পড়েছে। নালার সঙ্গে শৌচাগারের সংযোগকারীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
পৌর মেয়রের বক্তব্যের সূত্র ধরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চুয়াডাঙ্গা নির্বাহী প্রকৌশলী মো. ওমর আলী বলেন, পাম্প হাউসের পানি সরাসরি পরীক্ষা করে কোনো জীবাণু পাওয়া যায়নি। ব্যক্তিগত জলাধারে ফেকাল কলিফর্মের অস্তিত্ব পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর, জেলা স্বাস্থ্য বিভাগ এবং জেলা ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মামুন পারভেজ, জেলার সিভিল সার্জন আজিজুল ইসলাম, পুলিশ সুপার মো. রশীদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার ও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাসুদ রানা উপস্থিত ছিলেন।