পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থা ও শৌচাগার নেই। এ কারণে এসব বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ভোগান্তি পোহাচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলায় ১৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫৮টি বিদ্যালয়ে কোনো নলকূপ নেই। ৭৩টি বিদ্যালয়ের নলকূপ নষ্ট হয়ে আছে। এ ছাড়া ১৮টি বিদ্যালয়ে শৌচাগার নেই এবং ১৪৪টির শৌচাগার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলার পূর্ব সেনের টিকিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ নেই। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক কিলোমিটার হেঁটে গিয়ে নলকূপের পানি পান করতে হচ্ছে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ময়না আক্তার জানায়, খাওয়ার পানির জন্য তাদের দফাদার বাড়ি ও হিন্দু পাড়ায় যেতে হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন বলেন, বিদ্যালয়ে নলকূপ নেই। শৌচাগার দুটিও দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। ফলে ২৫০ জন শিক্ষার্থী ও সাতজন শিক্ষককে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উত্তর বড় মাছুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন বলেন, ‘আমাদের বিদ্যালয়ে নলকূপ নেই। ৪০০ শিক্ষার্থী খাওয়ার পানি আনার জন্য পাশের বাজারে যায়।’দক্ষিণ বকসির ঘটিচোর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী বেগম জানান, বিদ্যালয়ে কোনো শৌচাগার না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ের পাশের বাড়ির শৌচাগার ব্যবহার করতে হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৩-এর আওতায় পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ স্থাপন ও ওয়াশ ব্লক (শৌচাগারসহ বেসিন স্থাপন) নির্মাণ করা হবে। ইতিমধ্যে প্রকল্পটির সমীক্ষার কাজ শেষ করেছে। শিগগিরই কাজ শুরু হবে।