খাওয়ার পানির খোঁজে গ্রাম থেকে গ্রামে
কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকায় খাওয়ার পানির তীব্র সংকট চলছে। নলকূপ ও পাতকুয়াগুলোর পানি লবণাক্ত হয়ে পড়ায় এলাকার প্রায় ৩০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।এক কলসি খাওয়ার উপযোগী পানি জোগাড় করতে লোকজন দূরদূরান্তে ছুটছে। অনেকে খাওয়ার পানি কিনছে। যারা কোনোটাই করতে পারছে না, তারা পুকুর ও খালের পানি পান করছে। এতে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রতিবছর এখানে খাওয়ার পানির সংকট দেখা দেয়। ফাল্গুন, চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়। এখন পর্যটন মৌসুম চলছে। দেশি-বিদেশি পর্যটকদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।টেকনাফের জালিয়াপাড়ার গৃহিণী জরিনা বেগম বলেন, ‘পাখকুয়াত লোনা পানি ঢুকিয়ারে খাইবর পানি নুন হই গি ওই। এহন খাইবর পানির লা খুব কষ্ট পাইর। ঝড় অইলে কিছু ঝড়র পানি খাইত পারির।’একই পাড়ার বাসিন্দা আলম ও জোবায়ের ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার লোকজন এখন খাওয়ার পানির জন্য ছুটছে। যাদের সামর্থ্য আছে, তারা ফেরিওয়ালার কাছ থেকে প্রতি গ্যালন পানি ২০-৩০ টাকা খরচ করে কিনে খাচ্ছে। যাদের সামর্থ্য নেই, তারা কলসি ও গ্যালন নিয়ে গ্রাম থেকে গ্রামে ছুটে বেড়াচ্ছে পানির খোঁজে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, টেকনাফ পৌর এলাকার সাইডপাড়া, চৌধুরীপাড়া, উত্তর জালিয়াপাড়া, মধ্যম জালিয়াপাড়া, দক্ষিণ জালিয়াপাড়া; টেকনাফ সদর ইউনিয়নের খোনকারপাড়া, শীলবুনিয়াপাড়া, নাজিরপাড়া এবং সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়া, বাজারপাড়া, পানছড়িপাড়াসহ ২৩টি গ্রামের প্রায় সব নলকূপ-পাতকুয়ায় লোনা পানি। পাঁচ বছর ধরে এমন অবস্থা চলছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এসব গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ দু-তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে দু-একটি নলকূপ, পাহাড়ি ঝরনা বা ছড়া থেকে খাওয়ার পানি সংগ্রহ করে।জানা গেছে, ঘূর্ণিঝড় সিডর ও আইলার আঘাতে নাফ নদীর বেড়িবাঁধ ভেঙে জোয়ার-ভাটার পানি ঢুকে পড়ে। সেই বাঁধ আজও পুরোপুরি সংস্কার না হওয়ায় এখনো লোনা পানি ঢুকছে। এতে ওই সব এলাকার নলকূপ ও পাতকুয়াগুলোর পানি লবণাক্ত হয়ে পড়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আতাউর রহমান বলেন, উপকূলীয় এলাকার সাধারণ মানুষ পুকুর ও খালের পানি পান করে নানা ধরনের পেটের পীড়ায় ভুগছে। এখানকার অধিকাংশ রোগী পানিবাহিত ডায়রিয়া, টাইফয়েড, কলেরা, আমাশয়, জন্ডিসসহ নানা পেটের পীড়া নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। উপজেলার অধিকাংশ হোটেল-রেস্তোরাঁয় পুকুরের পানিতে ফিটকিরি মিশিয়ে খাওয়ানো হচ্ছে।