খাওয়ার পানির জন্য হাহাকার
লোনা পানি অধ্যুষিত বাগেরহাটের মংলায় সুপেয় পানির জন্য হাহাকার চলছে। উপজেলার ছয়টি ইউনিয়নের লক্ষাধিক জনগোষ্ঠীর একমাত্র অবলম্বন পুকুরের পানি। কিন্তু দীর্ঘদিন খনন না করা, শুষ্ক মৌসুম ও দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় এলাকাবাসী অবর্ণনীয় কষ্টের মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সমুদ্র উপকূলের নিকটবর্তী হওয়ায় মংলায় নলকূপগুলোতে লোনা পানি ওঠে। এ কারণে এখানকার জনগণকে বর্ষা মৌসুম ছাড়া বছরের অন্য সময়ে বাধ্য হয়েই পুকুরের পানির মাধ্যমে খাওয়ার পানির চাহিদা মেটাতে হয়। আর উপজেলার হাতেগোনা কয়েকটি নির্দিষ্ট পুকুরের ওপরই এ খাওয়ার পানির জন্য নির্ভর করতে হয়। সম্প্রতি প্রচণ্ড দাবদাহের কারণে অনেক পুকুর শুকিয়ে গেছে ও বাকিগুলোর পানি শুকিয়ে যাচ্ছে। এ অবস্থায় লোকজন অনেকটা বাধ্য হয়েই অন্যান্য পুকুরের লবণমিশ্রিত দূষিত লোনা পানি পান করে জীবন বাঁচাচ্ছে। অনেকে দূরদূরান্তের পুকুর থেকে খাওয়ার পানি সংগ্রহ করতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। উপজেলার সোনাইলতলা ইউনিয়নের জয় খাঁ গ্রামের আ. কালাম জানান, এ গ্রামের একমাত্র মিঠা পানির পুকুরের পানির ওপর জীবন ধারণ করে প্রায় ২০ হাজার মানুষ। প্রতিদিন দূরদূরান্ত থেকে নারী ও পুরুষেরা খাওয়ার পানি সংগ্রহের জন্য এই পুকুরে আসেন। পানির জন্য এই হাহাকার চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। চাঁদপাই গ্রামের মো. আবদুুল্লাহ জানান, ক্ষেত্রবিশেষে ১০-১৫ কিলোমিটার দূরে হেঁটে গিয়ে নারীদের এক কলস খাওয়ার পানি সংগ্রহ করতে হচ্ছে। পার্শ্ববর্তী রামপাল উপজেলার একটি পুকুরের পানির ওপর চার গ্রামের প্রায় ২০ হাজার মানুষকে নির্ভর করতে হচ্ছে। আর যাঁরা ভ্যানওয়ালাদের কাছ থেকে পানি কিনছেন, তাঁদের ৩০ লিটারের এক পাত্র পানি ২০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। গ্রামের দরিদ্র মানুষের জন্য এ যেন মড়ার ওপর খাঁড়ার ঘা। মিঠেখালী গ্রামের ৮০ বছরের প্রবীণ আমজাদ হোসেন বলেন, সেই ব্রিটিশ আমল থেকে দেখে আসছি পানির কষ্ট। তারপর পাকিস্তান শাসন গেল, বাংলাদেশ স্বাধীন হলো, বহু সরকার ক্ষমতায় এল, কিন্তু পানির কষ্ট দূর হলো না। উপজেলা প্রশাসন পানির কষ্ট দূর করার জন্য কী করছে, এমন প্রশ্নে ভাইস চেয়ারম্যান মো. নূর আলম বলেন, এই এলাকার জন্য পুকুর খনন বা সংস্কারের জন্য আলাদা কোনো বরাদ্দ নেই। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে পুকুর খনন করা হয়। সেটাও খুবই অপ্রতুল। লোনা পানি অধ্যুষিত মংলা উপজেলার জন্য সরকারের উচিত আলাদা বরাদ্দ দেওয়া। এ ছাড়া একটি বেসরকারি উন্নয়ন সংস্থা মংলা পৌরসভা ও চাঁদপাই ইউনিয়নে একটি ডি-স্যালাইনেশন প্রকল্পের মাধ্যমে লোনা পানিকে পরিশোধনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ করছে। সরকারের উচিত, এ রকম বেশ কিছু প্রকল্প গ্রহণ করা।