খাওয়ার পানির নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মানুষের জীবনে নিরাপদ সুপেয় পানি প্রাপ্তি মৌলিক ও মানবিক অধিকার। স্বাস্থ্য সুরক্ষার জন্য এর বিকল্প কিছু নেই। জনবহুল এ দেশে বিশুদ্ধ খাওয়ার পানির নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। সরকার সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে।
মন্ত্রী গত বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে দিনব্যাপী আয়োজিত ‘নিরাপদ খাবার পানি: টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে অগ্রাধিকার’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ওয়ালী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন আক্তার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. এন প্যারানিথারন।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। পরে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে সেমিনারের উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।