খাওয়ার পানির পুকুরে মাছ চাষ, স্বাস্থ্যঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ উপজেলায় প্রশাসনের সামনেই খাওয়ার পানির জন্য নির্ধারিত পুকুরগুলোতে মাছ চাষ করা হচ্ছে। নিরুপায় সাধারণ মানুষ ওই পুকুরের পানি জেনেশুনেই পান করতে বাধ্য হচ্ছে।খুলনার সিভিল সার্জন গোলাম মোর্তুজা বলেন, খাওয়ার পানিতে মাছ চাষ ঠিক না। কারণ, তাতে স্বাস্থ্যগত ঝুঁকি থাকে। জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ বলেন, জেলা পরিষদের সব পুকুরে ইজারা বাতিল করে শুধু পানি খাওয়ার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তার পরও কেউ যদি মাছ চাষ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।সরেজমিনে দাকোপ উপজেলা সদরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, লবণাক্ত অঞ্চল বলে পরিচিত দাকোপ উপজেলায় কোথাও গভীর নলকূপ বসানো যায় না। দীর্ঘদিন ধরে সুপেয় পানির তীব্র সংকট লেগেই আছে। তাই খাওয়ার পানির জন্য ওই এলাকায় নির্দিষ্ট কিছু সরকারি-বেসরকারি পুকুরের পানির ওপর সবাইকে নির্ভর করতে হয়। তা ছাড়া ধরে রাখা বৃষ্টির পানি ও ফিল্টার পদ্ধতিতে পরিশোধন করা পানিও অন্যতম ভরসা। কিন্তু যেসব পুকুরের পানি খেয়ে মানুষ জীবনধারণ করছে, সেসব পুকুরেও এখন মাছ চাষ হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে পুকুরের (পিএসএফ) ফিল্টার করা পানি নিয়ে রোগীরা খাচ্ছে, সে পুকুরে মাছ চাষ হচ্ছে। এ ছাড়া খাওয়ার পানির জন্য নির্ধারিত উপজেলার পরিষদের আবাসিক এলাকার দুটি পুকুর, চালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পুকুর, দাকোপ উপজেলা টেলিফোন অফিস পুকুরসহ ২১টি সরকারি, ১৪টি জেলা পরিষদের ও শতাধিক বেসরকারি পিএসএফযুক্ত পুকুরেও মাছ চাষ চলছে।উপজেলা পরিষদের পুকুরে পিএসএফ প্লান্ট থেকে পানি নিতে আসা গৃহিণী রমা বিশ্বাস (৩০) বলেন, ‘খার পানির জন্নি আমাগে এই পুকুর ছাড়া আর কোনো উপায় নেই। তাই হ্যানে মাছ ছাড়লিউ কিছু করার নেই।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হালিম বলেন, বাণিজ্যিকভাবে মাছ চাষ হলে সেখানে বিভিন্ন ধরনের খাবার দেওয়ার ফলে পানির সমস্যা হয়। কিন্তু উপজেলার পুকুরগুলোতে মাছ চাষ করা হলেও কোনো খাবার দেওয়া হয় না বলে পানির কোনো সমস্যা হয় না। তাই এই পানি দিয়ে গোসল ও খাওয়া চলছে।