খাওয়ার পানির সংকটে শিক্ষক ও শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপ নষ্ট হয়ে গেছে। এতে বিশুদ্ধ খাওয়ার পানি পান করতে না পেরে এই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ভোগান্তি পোহাচ্ছে।
এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৫-১৬ বছর আগে এই বিদ্যালয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর একটি নলকূপ স্থাপন করে। তিন বছর পর এটি বিকল হয়ে যায়। গত মার্চ মাসে বেসরকারি সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশন এই বিদ্যালয়ে একটি অগভীর নলকূপ স্থাপন করে। সপ্তাহ খানেক পর এটিও বিকল হয়ে যায়। স্থানীয়ভাবে নলকূপটি মেরামত করা যাচ্ছে না। এ অবস্থায় ওই বিদ্যালয়ের সাত শিক্ষক ও ৩৪৫ জন শিক্ষার্থীকে স্থানীয় লোকজনের বাড়িতে গিয়ে পানি পান করতে হচ্ছে।
প্রধান শিক্ষক ওয়াহেদুজ্জামান জানান, সংস্থার লোকজন দায়সারাভাবে নলকূপটি স্থাপন করায় এক সপ্তাহের মধ্যেই এটি বিকল হয়ে যায়। তা ছাড়া এই নলকূপটির পানিতে মাত্রারিক্ত আর্সেনিক ছিল। এ নিয়ে সংস্থার লোকজনের সঙ্গে কথা বলেও কোনো লাভ হচ্ছে না।
ঢাকা আহ্ছানিয়া মিশনের উপজেলা প্রকল্প সমন্বয়কারী শফিকুর রহমান বলেন, ‘গত ৩০ জুন এই উপজেলায় আমাদের সংস্থার কার্যক্রম শেষ হয়ে গেছে। নলকূপের সমস্যার বিষয়টি কেউ আমাকে জানায়নি। এ ব্যাপারে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
সেলবরষ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রতন মিয়া বলেন, বিশুদ্ধ খাওয়ার পানি সংগ্রহ করতে গিয়ে কোমলমতি শিশুদের খুব কষ্ট করতে হচ্ছে। এই বিদ্যালয়ে দ্রুত একটি আর্সেনিকমুক্ত গভীর নলকূপ স্থাপনের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।
সেলবরষ ইউপির চেয়ারম্যান আলী আমজাদ বলেন, শিগগিরই ওই বিদ্যালয়ে একটি নতুন নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ধরমপাশা কার্যালয়ের সহকারী প্রকৌশলী আবদুর রব সরকার জানান, এই উপজেলায় এক বছর ধরে সরকারিভাবে আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপন করার কাজ বন্ধ রয়েছে। সেলবরষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।