খাওয়ার পানির সংকটে ১২ গ্রামের মানুষ
কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ১২ গ্রামের ১৫ হাজার মানুষ পানীয় জলের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে। শুষ্ক মৌসুমের শুরুতেই খরায় এসব গ্রামের তিন শতাধিক নলকূপ অকেজো হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, পানির স্তর নিচে নেমে যাওয়ায় এখনই গ্রামের সাধারণ (তিন-চার শ ফুট গভীর) নলকূপগুলোতে পানি উঠছে না। হাতেগোনা কিছু নলকূপে পানি উঠলেও এর কয়েকটি আবার আর্সেনিকযুক্ত। ইউনিয়নের গোয়ালাপাড়া, নয়াপাড়া, চরপাড়া, কলাপাড়া, বাক্সখিলা, ভদ্রপাড়া, নাগপাড়া, কাশুরারচর, আগপাড়া, দরিয়াবাদ, চংশোলাকিয়াসহ বিভিন্ন গ্রামের নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। কোনো কোনো বাসার মালিক চুরির ভয়ে নলকূপ খুলে ঘরে রেখে দিয়েছেন। গৃহিণী ও কিশোরীরা কলসি কাঁখে দূরবর্তী নলকূপ থেকে পানি সংগ্রহ করছে। মসজিদের নলকূপে পানি না ওঠায় মুসল্লিরা অজু করতে ডোবার পানি ব্যবহার করছেন। গ্রামগুলোর লোকজন খাওয়ার পাশাপাশি ধোয়ামোছার কাজে পুকুর বা ডোবার পানি ব্যবহার করছে। এতে হেপাটাইটিস-বি, ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন পানিবাহিত রোগের সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গ্রামবাসী অনেকে বলেন, পানির স্তর নিচে নেমে নলকূপগুলো এখনই যেভাবে অকেজো হয়ে পড়েছে, তাতে ফাল্গুন-চৈত্র মাসে অবস্থা ভয়াবহ আকার ধারণ করবে বলে তাঁরা আশঙ্কা করছেন। তাঁরা প্রশাসনের জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ কামনা করছেন। নয়াপাড়া গ্রামের কয়েক ব্যক্তি জানান, এ গ্রামে লোকের সংখ্যা প্রায় ১৩ শ। এদের মধ্যে আট শতাধিক লোককে খাবার পানির জন্য পূর্বপাড়া গ্রামের ওপর নির্ভর করতে হচ্ছে। নয়াপাড়া গ্রামের সাড়ে তিন শ ফুট গভীর নলকূপগুলোতে তিন বছর আগেও সব সময় পানি উঠত। দিন দিন তা কমে এখন আর পানি উঠছে না। কয়েকটি বাড়ির পর একটি নলকূপে পানি পাওয়া গেলেও তা লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে গণস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এক হাজার ফুট নলকূপের জন্য আবেদন করেও দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছে গ্রামবাসী।গোয়ালাপাড়া গ্রামের আবদুল মতিন জানান, তিন-চার বছর ধরে পানির স্তর নিচে নামছে। এখন কয়েকটি নলকূপ সচল আছে। সেগুলোও অতিরিক্ত চাপের কারণে নষ্ট হওয়ার পথে। মহিনন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল হুদা খাওয়ার পানির সংকটের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, কয়েক বছর ধরেই এ সমস্যা শুরু হয়েছে। নলকূপের জন্য অনেকেই আবেদনপত্র ইউপি কার্যালয়ে জমা দিয়েছেন। সরকার না দিলে আমাদের করার কিছু নেই। ধোয়ামোছার কাজে পুকুর ও ডোবার পানি ব্যবহার প্রসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক জয়নুল আবেদীন বলেন, হাঁড়ি-পাতিল, থালাবাসন ধোয়ার কাজে ব্যবহূত পানি বিশুদ্ধ না হলে হেপাটাইটিস-বি (জন্ডিস), ডায়রিয়া, আমাশয়, টাইফয়েডসহ নানাবিধ অসুখ ছড়াতে পারে। তবে পুকুরের পানি সেদ্ধ করে ব্যবহার করা যায়। ঠান্ডা করে পানও করা যায়।