খাওয়ার পানির সমস্যা দ্রুত সমাধান দাবি
কক্সবাজারের টেকনাফ পৌরসভার পাঁচটি ওয়ার্ড নাফ নদীর বেড়িবাঁধসংলগ্ন এলাকায় পড়েছে। এসব এলাকায় আট শতাধিক পরিবারের বসবাস। প্রতিবছর বেড়িবাঁধ ভাঙনের পাশাপাশি প্রায়ই জোয়ারের পানি এসব এলাকায় ঢুকে পড়ায় খাওয়ার পানি লবণাক্ত হয়ে পড়েছে। এ ছাড়া গ্রীষ্মের শুরুতে পুরো পৌরসভায় পানির তীব্র সংকট সৃষ্টি হওয়ায় পৌরবাসীকে দুর্ভোগে পড়তে হয়। এ অবস্থায় আসন্ন নির্বাচন সামনে রেখে পৌরবাসীর প্রধান দাবি, খাওয়ার পানি সংকটের সমাধান।২০০০ সালে প্রতিষ্ঠিত টেকনাফ পৌরসভার প্রথম নির্বাচন হয় ২০০২ সালে। এতে আওয়ামী লীগ নেতা (বর্তমানে সাংসদ) আবদুর রহমান বিএনপিসমর্থিত এস এম ফারুক বাবুলকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। সরেজমিনে ঘুরে ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার ১, ৩, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড় নাফ নদীর বেড়িবাঁধসংলগ্ন এলাকা হওয়ায় প্রতিবছর বিভিন্ন সময়ে বাঁধের অনেক অংশে ভাঙন দিয়ে জোয়ারের পানি ঢোকে। এতে ওই সব এলাকা পানিবন্দী হওয়ার পাশাপাশি নলকূপ ও পাতকুয়াগুলোতে লোনাপানি ঢুকে পড়ে। ফলে খাওয়ার পানির তীব্র সংকট দেখা দেয়।পৌর বার্মিজ মার্কেটের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, পৌরসভার বাসস্টেশন বাজার ও বড় বাজার এলাকায় প্রায় এক হাজারের মতো দোকান রয়েছে। তাদের খাওয়ার পানির সমস্যা নিয়ে প্রতিবছর ভোগান্তি পোহাতে হয়। পৌরকর পরিশোধ করে এলেও নাগরিক সুবিধা পাচ্ছেন না তাঁরা।