নীলফামারী আধুনিক সদর হাসপাতালে প্রায় ১৫ দিন ধরে খাওয়ার স্যালাইন সংকট চলছে। স্যালাইনের সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট ব্যক্তিরা রোগীদের গুলানো স্যালাইন সরবরাহ করছেন।
গতকাল শনিবার বেলা দেড়টার দিকে ওই হাসপাতালের ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায়, সেখানে ১২ জন রোগী ভর্তি আছেন। এ সময় রোগী ও সেবিকাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
সদরের বাহালীপাড়া গ্রামের নুরুফা বেগম (৩৫) তাঁর ১১ বছরের ছেলে নুরুজ্জামানকে সেখানে ভর্তি করেছেন। তিনি বলেন, বালতিতে গুলিয়ে রাখা স্যালাইন গ্লাসে করে রোগীকে খেতে দেওয়া হচ্ছে।
সদরের সিন্দই মাঝাপাড়া গ্রামের মমিনুর রহমান (৪৫) গত শুক্রবার ডায়রিয়া ও জ্বর নিয়ে ভর্তি হয়েছেন এখানে। তাঁর স্ত্রী ফজিলা বেগম বলেন, ‘খাওয়ার স্যালাইন নাকি কম আছে, এ জন্য বালতিতে বানিয়ে রাখা স্যালাইন দিচ্ছে তাঁর স্বামীকে খাওয়ার জন্য।’
নাম প্রকাশে অনিচ্ছুক কর্তব্যরত এক সেবিকা বলেন, ‘প্রায় ১৫ দিন ধরে খাওয়ার স্যালাইনের সংকট চলছে।’
সিভিল সার্জন আবদুর রশীদ বলেন, স্যালাইনের তেমন সংকট নেই। সরবরাহ কম থাকায় পরিমাণমতো প্যাকেট স্যালাইন পানিতে গুলিয়ে রোগীদের দেওয়া হচ্ছে। এ অবস্থা ১৫ দিন নয়, প্রায় এক সপ্তাহ ধরে চলছে।