পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে যে বোমা তৈরি হচ্ছিল, সেগুলোর গন্তব্য ছিল বাংলাদেশ। দেশটির নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) সদস্যরাই এই অপকর্মের সঙ্গে জড়িত। এদের উদ্দেশ্য ছিল, পশ্চিমবঙ্গের আপাতশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশের শাসক দলকে ব্যতিব্যস্ত করা।
ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত শুক্রবার সারা দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলা সফর করেন এনআইএর মহাপরিচালক শরদ কুমার। এরপরই এনআইএ এই প্রতিবেদন প্রকাশ করে।
বর্ধমানের খাগড়াগড়ে সংঘটিত বিস্ফোরণ নিয়ে বাংলাদেশ ভারতের কাছে প্রতিবেদন চেয়েছে। এনআইএর এই প্রাথমিক প্রতিবেদন এখনই অবশ্য বাংলাদেশকে দেওয়া হচ্ছে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, এনআইএ ছাড়াও আরও কিছু সংস্থা বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করছে। সবার কাছ থেকে প্রতিবেদন নিয়ে সার্বিকভাবে তা বাংলাদেশকে দেওয়া হবে।
এনআইএর প্রতিবেদন পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল ঠিক করেছেন, সোমবার তিনি পশ্চিমবঙ্গে যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান।
এনআইএর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারী দল রাজ্যের পুলিশ ও প্রশাসনের কাছ থেকে তেমন একটা সহযোগিতা পাচ্ছে না। মন্ত্রণালয় সূত্রের খবর, এসব ঘটনার গুরুত্ব এবং তাৎপর্য মুখ্যমন্ত্রীকে বোঝাতে চান অজিত দোভাল।
বর্ধমানে বিস্ফোরণ ঘটে ২ অক্টোবর, রাজ্য সরকারের অনিচ্ছাকে উপেক্ষা করে এনআইএ তদন্তভার হাতে নেয় ১১ অক্টোবর। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই মারা যায় দুজন। আহত অবস্থায় একজনকে গ্রেপ্তার করা হয়। ধরা হয় হতাহতদের পরিবারকেও। অধিকাংশই বাংলাদেশের নাগরিক। অবৈধভাবে ভারতে ঢুকে তারা নানাভাবে নাশকতামূলক কাজের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলে। তদন্তে জানা যায়, বাংলাদেশ সরকারের তাড়া খেয়ে তারা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় ঘাঁটি গাড়ে। রাজ্যের শাসক দলের স্থানীয় নেতাদের প্রশ্রয়ে তারা লালিত হয়। বর্ধমানের বিস্ফোরণের পরপরই বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়।
এনআইএর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গে জেএমবির অন্তত ৫৮ জন জঙ্গি বিভিন্ন ধরনের নাশকতার সঙ্গে যুক্ত। তারা স্থানীয় মাদ্রাসাগুলোর সাহায্য ও সাহচর্যে জিহাদি তৈরিতে নিবেদিত। স্থানীয় লোকজনের মগজ ধোলাই করে তাদের অস্ত্রশিক্ষাও তারা দিয়েছে। এ ধরনের বেশ কিছু জঙ্গির খোঁজে এনআইএ হুলিয়া জারি করতে চলেছে। তাদের সন্ধান দিতে পারলে নগদ পুরস্কারও দেওয়া হবে। সীমান্ত পেরিয়ে এ ধরনের অন্তত ১৮০ জন জেএমবি জঙ্গি বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ ও আসামের জেলাগুলোতে ঘাঁটি গেড়েছে। তদন্তে বাংলাদেশের সহযোগিতা পাচ্ছে এনআইএ।
এনআইএ প্রধানত তিনটি বিষয় তদন্ত করছে। এক, বিস্ফোরণের সঙ্গে জঙ্গি-যোগ কতখানি নিবিড়। দুই, এই জঙ্গিদের সঙ্গে অন্য জঙ্গিসংগঠনগুলোর (হুজি ও সিমি) সংশ্লিষ্টতা কতটা গভীর এবং তিন, জঙ্গিপনা অব্যাহত রাখতে অর্থের জোগান ও তার উৎস সন্ধান। প্রধানত এই তিন বিষয় নিয়ে তদন্তের মধ্যেই উঠে আসছে জঙ্গিদের রাজনৈতিক মদদের প্রসঙ্গও। কাদের মদদে, কীভাবে এবং কোন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে জঙ্গিরা ভারতে ব্যবহৃত হয়েছে বা হচ্ছে কি না, এনআইএর তদন্তের আওতায় চলে আসছে তা-ও। এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে এই তদন্ত নিয়ে পশ্চিমবঙ্গের শাসক দলের স্পর্শকাতরতা।
মনে করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এ প্রসঙ্গের ওপরেই বেশি জোর দেবেন। ভারতের পূর্ব প্রান্তের নিরাপত্তা-সংক্রান্ত দুশ্চিন্তা বাংলাদেশের শেখ হাসিনা সরকার যে দূর করেছে, কংগ্রেস ও বিজেপি সরকার তা মুক্তকণ্ঠে স্বীকার করে। সেই নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত হোক, ভারত সরকার তা চায় না। এ কথা মমতাকে দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
অর্থের জোগানের বিষয় তদন্তের ক্ষেত্রে নজরে থাকছে সারদা কেলেঙ্কারি। বিস্ফোরণের আগেই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এক সদস্য বিতর্কের শীর্ষে চলে এসেছিলেন। সিবিআই যদিও প্রাথমিক তদন্তে এমন কিছু পায়নি, যা দিয়ে প্রমাণ করা যায় সারদার টাকা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গিসংগঠনের হাতেও গেছে। এনআইএ কিন্তু এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিতে নারাজ। তাদের তদন্তের অভিমুখ এই দিকেও ধাবিত। সম্প্রতি তেলেঙ্গানার করিমপুরে একটি ব্যাংকে ডাকাতি হয়। সেই ব্যাংকের ছাপ মারা কিছু টাকা বর্ধমানকাণ্ডে ধৃতদের কাছ থেকে পাওয়া গেছে।