খাগড়াছড়ি ও রাজশাহীতে মন্দিরে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে গতকাল রোববার খাগড়াছড়িতে একটি কালীমন্দিরের সামনের ব্যানার ছিঁড়ে ফেলে মন্দিরের ভেতরে ইট-পাটকেল নিক্ষেপ এবং রাজশাহীর একটি কালীমন্দিরের সামনে রাখা ফুলের টব ভাঙচুর ও সামনে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলেছে পিকেটাররা।

খাগড়াছড়ির মহালছড়ির একটি মন্দির ও আওয়ামী লীগের কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অন্তত আটজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে হরতাল সমর্থকেরা হঠাৎ করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালান। এ সময় তাঁরা কার্যালয়ে বসে থাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন কুমার শীল, যুবলীগের সভাপতি দীপন ধর ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের ওপর চড়াও হন। এতে তাঁরা গুরুতর আহত হন। এরপর উভয় দলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় মহালছড়ি বাজারের কয়েকটি দোকান ভাঙচুর এবং স্থানীয় কালীমন্দিরের সন্মুখে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলে মন্দিরের ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করে হরতাল সমর্থকেরা।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেমায়ুন কবির চৌধুরী মুঠোফোনে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছয় রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল আটটার দিকে হরতাল সমর্থকেরা রাজশাহী নগরের বর্ণালীর মোড়ে একটি মোটরসাইকেলে আগুন দেয়। পরে পুলিশ গিয়ে আগুন নেভায়। বেলা সাড়ে ১১টার দিকে হরতাল সমর্থকেরা নগরের সাহেববাজার এলাকায় একটি মিষ্টির দোকানে ভাঙচুর করে এবং পার্শ্ববর্তী একটি কালীমন্দিরের সামনে রাখা ফুলের টব ভাঙচুর করে এবং সামনে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর বলেন, পুলিশ নগরের বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে আটক করেছে।