খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে আজ থেকে যানবাহন চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে আজ বুধবার থেকে যানবাহন চলাচল করবে। গতকাল মঙ্গলবার খাগড়াছড়ি ও চট্টগ্রামের নাজিরহাটের দুই পরিবহন শ্রমিক সংগঠনের নেতাদের মধ্যে প্রায় তিন ঘণ্টা আলোচনার পর এ সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে শ্রমিকদের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আজীবন সংগঠন থেকে বহিষ্কারসহ চারটি শর্তে উভয় সংগঠনের নেতারা স্বাক্ষর করেন।
খাগড়াছড়ি পরিবহন মালিক গ্রুপের লাইন নিয়ন্ত্রক শেখ মো. হারুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। খাগড়াছড়ি জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাহবুব-উল-আলম ও নাজিরহাট বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুন নিজ সংগঠনের পক্ষের নেতৃত্ব দেন।
খাগড়াছড়ি পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস এম শফি বলেন, দুই শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য গতকাল দুপুর ১২টায় খাগড়াছড়ি পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে তিন ঘণ্টা আলোচনা চলে।
গাড়ির সিরিয়াল নেওয়া ও টিকিট কাটাকে কেন্দ্র করে গত ২৬ মে খাগড়াছড়ি ও চট্টগ্রাম পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে নাজিরহাট পরিবহন শ্রমিকেরা খাগড়াছড়ি পরিবহন শ্রমিকদের ওপর হামলা চালান। এর প্রতিবাদে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকেরা।