খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ
জেলার মানিকছড়ি উপজেলায় একটি বেইলি সেতু ভেঙে পড়ায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার বেলা একটায় মানিকছড়ি সদরের বেইলি সেতুতে একসঙ্গে অতিরিক্ত ওজনের একটি ট্রাক ও একটি মাইক্রোবাস ওঠায় সেতুটি ভেঙে পড়ে।
এতে মাইক্রোবাসের আরোহী ও ট্রাকের চালক ও তাঁর সহকারীসহ মোট ২১ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা একটায় চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী অতিরিক্ত বোঝাই একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস একসঙ্গে বেইলি সেতুর ওপর ওঠে। এর পরপরই সেতুটি আস্তে করে ভেঙে পড়ে। এতে মাইক্রোবাসে আরোহী ১৮ জন ও ট্রাকের চালক ও সহকারীসহ মোট ২১ জন আহত হন।
আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর পর থেকেই খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন জানান, অতিরিক্ত বোঝাই ট্রাক বেইলি সেতুতে ওঠায় জরাজীর্ণ সেতুটি ভেঙে পড়ে। এই সেতুর পাশে নতুন একটি সেতুর নির্মাণকাজ চলছে। এখন জরুরি ভিত্তিতে একটি বেইলি সেতু নির্মাণ করতে হবে।