খাগড়াছড়ি থেকে খোয়া যাওয়া গুলি কুমিল্লায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি থেকে খোয়া যাওয়া ৪০টি গুলি গতকাল শনিবার সকালে কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুমিল্লার বজ্রপুর এলাকা থেকে মো. সুজন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৬ মে রাতে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজের বাসভবনে দায়িত্ব পালন করছিলেন পুলিশের একদল সদস্য।
ওই রাতেই সেখান থেকে ৫০টি গুলি চুরি হয়। খাগড়াছড়ি সদর থানা পুলিশ মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পারে কুমিল্লায় চোরের দল অবস্থান করছে।
গত শুক্রবার রাতে খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর কুমিল্লায় এসে কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশের সহায়তায় বজ্রপুর একটি ইলেকট্রনিকসের দোকান থেকে মো. সুজন নামের এক ব্যক্তিকে একটি গুলিসহ আটক করেন।
পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গতকাল বেলা ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের স্মৃতিসৌধের এক পাশে মাটির নিচে লুকিয়ে রাখা ৩৯টি গুলি উদ্ধার করা হয়।
আটক সুজনের বাড়ি খাগড়াছড়ির কলাবাগান এলাকায়। কুমিল্লার বজ্রপুরে শ্বশুরবাড়ির পাশে ভাড়া থাকতেন তিনি।
খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় আগেই মামলা হয়েছে। ওই মামলায় সুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ মূল হোতা আরিফকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাকি ১০টি গুলিও উদ্ধারের চেষ্টা চলছে।