খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন কমিটির দায়িত্ব গ্রহণ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন কমিটি গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা পরিষদ পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেছেন।
জেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
অনুষ্ঠানে পরিষদের নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কংজরী চৌধুরী, বিদায়ী চেয়ারম্যান চাইথোঅং মারমাসহ অন্তর্বর্তীকালীন পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।
নতুন পরিষদ গঠনের বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আঞ্চলিক দল জনসংহতি সমিতি (এমএন লারমা) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা বলেন, নির্বাচনের পরিবর্তে মনোনীত ব্যক্তিদের দিয়ে পার্বত্য পরিষদ পরিচালনা করা দলীয় নেতাদের পুনর্বাসন ছাড়া কিছুই নয়। এতে পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে না। একমাত্র নির্বাচনের মাধ্যমে একটি অর্থবহ পার্বত্য জেলা পরিষদ গঠন করা সম্ভব।
ইউপিডিএফের জেলা সমন্বয়ক প্রদীপন খীসা বলেন, সরকার পার্বত্য জেলা পরিষদের নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। এটি এখন দলীয় নেতাদের পুনর্বাসনের কেন্দ্রে পরিণত হয়েছে। ইউপিডিএফের জেলা সমন্বয়কের দাবি, মনোনয়ন দিয়ে নতুন পরিষদ গঠিত হলেও অতীতের মতো এই পরিষদও দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হবে।