খাগড়াছড়িতে আজ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়ায় চালিত নিখোঁজ মোটরসাইকেলের চালক হোসেন আলীকে উদ্ধারসহ সাত দফা দাবিতে আজ সোমবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙ্গালী সংগ্রাম পরিষদ।
সংগঠনের প্রেস সচিব মো. ওমর ফারুকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতাল আহ্বান করা হয়।
সংগঠনটি সাত দফা দাবির মধ্যে রয়েছে—অপহরণ, হত্যা, গুম, ধর্ষণ, চাঁদাবাজি ও সাম্প্রদায়িক দাঙ্গাসহ সব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ মে সংবাদ সম্মেলন করে হোসেন আলীকে উদ্ধারে সংগঠনের পক্ষ থেকে প্রশাসনকে সময়সীমা দেওয়া হয়। কিন্তু তাঁকে উদ্ধারে প্রশাসন ব্যর্থ হওয়ায় হরতাল ডাকতে হয়েছে।
পানছড়ি উপজেলার ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের জিয়ানগর গ্রামের হোসেন আলী (৩০) গত ২৮ এপ্রিল সন্ধ্যায় যাত্রী নিয়ে খাগড়াছড়ি জেলা সদরের ভাইবোনছড়ার উদ্দেশে যাত্রা করার পর নিখোঁজ হন। এ ঘটনায় হোসেন আলীর মা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার প্রথম আলোকে বলেন, হোসেন আলীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।