খাগড়াছড়িতে আদিবাসী দিবস পালিত
পৃথক কর্মসূচির মধ্য দিয়ে গত শনিবার খাগড়াছড়িতে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় চেঙ্গী স্কোয়ারস্থ এম এন লারমা ভাস্কর্যের পাদদেশ থেকে বিশ্ব আদিবাসী দিবসের শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি খাগড়াছড়ি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মহাজনপাড়ার সূর্যশিখা ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে একই জায়গায় জনসংহতি সমিতির মহিলাবিষয়ক সম্পাদিকা কাকলী খীসার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য ও জনসংহিত সমিতির (এম এন লারমা) সভাপতি সুধাসিন্ধু খীসা, উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মৃণাল ত্রিপুরা, গোপাদেবী চাকমা, কংচাইরী মাস্টার প্রমুখ।
অন্যদিকে সকাল ১০টায় খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ সম্মুখে আদিবাসী ছাত্রছাত্রী ব্যানারে একটি মানববন্ধন ও খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে বাংলাদেশ আদিবাসী ফোরাম মানববন্ধন ও শোভাযাত্রার আয়োজন করে। এসব অনুষ্ঠান থেকে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়। আদিবাসী বিষয়ে সরকারের পক্ষ থেকে যে প্রেসনোট জারি করা হয়, তার তীব্র সমালোচনা করে আদিবাসী নেতারা তা প্রত্যাহারের দাবি জানান।