পর্যটকবাহী গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদ এবং সন্ত্রাস বন্ধ ও পর্যটকদের নিরাপত্তার দাবিতে গতকাল সোমবার খাগড়াছড়ি শহরে আধাবেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। একই দাবিতে শহরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
এদিকে গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকির কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সাজেক-বাঘাইহাট সড়কে গতকাল যানবাহন চলাচল না করায় রুইলুই পর্যটন কেন্দ্র পর্যটকশূন্য হয়ে পড়েছে।
গতকাল হরতাল চলাকালে শহরে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকালে শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি জেলা সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটির ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও সন্ত্রাস চাঁদাবাজ প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. রফিকুল আলম, সদস্যসচিব এস এম শফি, চেম্বার অব কমার্সের প্রতিনিধি সুদর্শন দত্ত, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক চন্দ্র শেখর দাশ।
সমাবেশে বক্তারা বলেন, একটি পক্ষ পাহাড়ে সম্প্রীতি বিনষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। সাজেক পর্যটন কেন্দ্রকে ধ্বংস করার জন্য পক্ষটি উঠেপড়ে লেগেছে। পক্ষটি পাহাড়ের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। সাজেকে প্রতিদিন কয়েক শ পর্যটকের আগমনের ফলে খাগড়াছড়ির হোটেল, রেস্তোরাঁ ও যানবাহন মালিকদের ব্যবসা বেড়েছে। অনেকের কর্মসংস্থান হচ্ছে। বিষয়টি চক্ষুশূল হওয়ায় সন্ত্রাসী পক্ষটি সাজেক সড়কে পর্যটকবাহী যানবাহন চলাচল করলে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।
বক্তারা সাজেক সড়কসহ জেলার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচলে নিরাপত্তা, পর্যটকদের নিরাপত্তা প্রদান ও ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। তা না হলে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
১৭ মার্চ মুঠোফোন থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা বিভিন্ন যানবাহন মালিক সমিতির নেতাদের হুমকি দেন সাজেক সড়কে পর্যটকবাহী যানবাহন চলাচল করলে পুড়িয়ে দেওয়া হবে। এরপর ২০ মার্চ খাগড়াছড়ি পার্বত্য জেলা সন্ত্রাস চাঁদাবাজ প্রতিরোধ কমিটি যানবাহন মালিক সমিতির সঙ্গে জরুরি বৈঠক করে সোমবার অর্ধদিবস হরতালের ডাক দেয়।
এদিকে এই হুমকির কারণে পরিবহন-সংশ্লিষ্ট তিনটি সংগঠনের নেতারা চালক ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাজেকে পর্যটকবাহী যান চলাচল বন্ধ রেখেছেন।
খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতির প্রধান লাইন নিয়ন্ত্রক উজ্জ্বল দে বলেন, ‘এক ব্যক্তি ফোন করে হুমকি দিয়েছে পর্যটক নিয়ে সাজেক গেলে গাড়ি পুড়িয়ে দেওয়া হবে। এমন অবস্থায় আমরা তো সাজেকে গাড়ি চালাতে পারব না। তাই আপাতত ওই পথে গাড়ি চলাচল বন্ধ রেখেছি।’
খাগড়াছড়ি রেন্ট-এ-কার চালক সমিতির সভাপতি মো. ইদ্রিস বলেন, ‘সমিতির গাড়ি প্রায় ৩৫টি। বেশির ভাগ গাড়িই পর্যটকেরা আগাম ভাড়া করে রেখেছিলেন। কিন্তু আপাতত ভাড়া বাতিল করা হয়েছে। চালক আর গাড়ির নিরাপত্তা না থাকলে তো গাড়ি চালানো যাবে না।’
এদিকে সাজেক-বাঘাইহাট সড়কে গতকাল যানবাহন চলাচল না করায় রুইলুই পর্যটন কেন্দ্র পর্যটকশূন্য হয়ে পড়েছে। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
রুইলুই পর্যটন কেন্দ্র সূত্র জানায়, পর্যটকবাহী যানবাহন পুড়িয়ে দেওয়ার হুমকির পর সাজেক রুইলুই পর্যটন কেন্দ্রে গতকাল কোনো পর্যটক আসেনি। এতে সব রিসোর্ট, কটেজ ও হোটেল পর্যটকশূন্য হয়ে পড়েছে।
রুইলুই পর্যটন কেন্দ্রের আলো রিসোর্টের তত্ত্বাবধায়ক ইন্দ্র চাকমা বলেন, কয়েক দিন ধরে সব রিসোর্ট, কটেজ ও হোটেলে পর্যটক ছিল। পর্যটকবাহী যানবাহন পুড়িয়ে দেওয়ার হুমকির পর সব পর্যটক চলে গেছে। ২৪, ২৫ ও ২৬ মার্চ প্রায় সব রিসোর্ট ও আবাসিক হোটেল বুকিং করা আছে। কিন্তু এভাবে যানবাহন চলাচল বন্ধ থাকলে কোনো পর্যটক আসতে পারবে না।
বাঘাইহাট জিপ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘সোমবার ভয়ে কোনো যানবাহন চলাচল করেনি। বুধবার থেকে অবস্থা বুঝে গাড়ি চালানোর চেষ্টা করব।’
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘পর্যটকবাহী গাড়ি পুড়িয়ে দেওয়া হুমকির পর সাজেক-বাঘাইহাট সড়কে যানবাহন চলাচল কমে গেছে। আজ (সোমবার) কিছু মোটরসাইকেল ছাড়া কোনো যানবাহন চলাচল করেনি।’