খাগড়াছড়িতে আমের হাট জমজমাট

খাগড়াছড়ির আমবাগানগুলোতে নানা জাতের আম পাকতে শুরু করেছে। স্থানীয় বাজারের পাশাপাশি এসব আম বিক্রি হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের বাজারে।
শহরের ফল ব্যবসায়ীরা জানান, মল্লিকা, আম্রপালি ও রাংগুয়ে—এ তিন জাতের আম খাগড়াছড়ির বাজারে ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা সরাসরি বাগান থেকে আম কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছেন।
খাগড়াছড়ির শপলা চত্বর এলাকার ফল ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, আম সবে বাজারে আসতে শুরু করেছে। তবে ঢাকা ও চট্টগ্রামের পাইকারি ব্যবসায়ীরা বাগান থেকে সরাসরি আম কিনে নেওয়ায় স্থানীয় বাজারে আমের সরবরাহ কিছুটা কম।
১৯ মে সকালে খাগড়াছড়ির বিভিন্ন আমবাগানে ঘুরে দেখা যায়, কিছু চারা গাছ বাদে সব গাছে বিভিন্ন জাতের আম ঝুলছে। শ্রমিকেরা গাছ পরিচর্যায় ব্যস্ত।
কৃষি সম্প্রসারণ বিভাগ উপ-পরিচালকের কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে, ২০১৩ সালে দুই হাজার ২২৪ হেক্টর জমিতে ১০ টন ফলন হয়েছিল। এবার সঠিক সময়ে বৃষ্টি না হওয়ায় ফলন কিছুটা কম হবে বলে আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা। এবার আমের উত্পাদন ১০ টনের কম হতে পারে বলে তাঁরা জানা।
খাগড়াছড়ি সদর হরিনাথপাড়ার আমচাষি দিপাকর চাকমা বলেন, ১৪টি জাতের আমগাছে এবার আম এসেছে। গত বছরের তুলনায় এ বছর আমের ফলন ভালো হয়েছে, তাই খুশি। এই বাগান থেকে সারা দেশে আম যায়। আম কেনার জন্য ব্যবসায়ীরা বাগানে ভিড় করছেন।
ঢাকার কারওয়ান বাজার থেকে আসা ব্যবসায়ী মানিক ইসলাম বলেন, বাকি দুই পার্বত্য জেলার থেকে খাগড়াছড়িতে দাম কম এবং বিভিন্ন জাতের আম পাওয়া যায়। কেজিপ্রতি নয় টাকার মতো লাভ হয়।
খাগড়াছড়ি খেজুরবাগান হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ ওমর ফারুক বলেন, ‘এ অঞ্চলে আম চাষ করার যথেষ্ট সুযোগ রয়েছে। পাহাড়ে আম্রপালি, রাংগুয়া বারি-৮ ও বারি-৪ এই কটি জাতের আম চাষ চাষিদের জন্য লাভজনক।
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস বলেন, আমচাষির সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা উন্নত প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিচ্ছি। এতে আমের ফলন বাড়বে।
খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুর রউফ বলেন, আগের মানুষের ধারণা ছিল রাজশাহীতেই কেবল আমের ফলন ভালো হয়। কিন্তু খগড়াছড়ি ভুল প্রমাণ করেছে। খাগড়াছড়িতে প্রচুর আমের বাগান আছে এবং ফলন হয় অনেক। এ বছর ফলনও ভালো হয়েছে।