খাগড়াছড়িতে ইউপিডিএফের মিছিলে বাধা, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে গতকাল রোববার খাগড়াছড়ি শহরে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মিছিলে বাধা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বলছে, অনুমতি না নিয়ে মিছিল বের করার চেষ্টা করেন নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাধা উপেক্ষা করে মিছিলটি এগিয়ে যাওয়ার চেষ্টা করলে নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী নিরুপা চাকমা ও কেন্দ্রীয় সদস্য দ্বিতীয়া চাকমাকে আটক করেছে।
তবে আটক দুজনকে সোমবারের (আজ) মধ্যে মুক্তি না দিলে মঙ্গলবার খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন ইউপিডিএফের প্রচার বিভাগের প্রধান নিরণ চাকমা।
ইউপিডিএফ সূত্রে জানা যায়, জাতিসংঘ ঘোষিত ফিলিস্তিন সংহতি দিবসের সঙ্গে একাত্মতা জানিয়ে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, সাজেক ভূমি রক্ষা কমিটি, সাজেক নারী সমাজ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াডের উদ্যোগে বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্বনির্ভর বাজার থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের চেঙ্গী স্কয়ারের দিকে আসতে চাইলে উপজেলা পরিষদের সামনে বাধার মুখে পড়ে।
ইউপিডিএফের প্রচার বিভাগের প্রধান নিরণ চাকমা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড করে নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।
তবে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ভূঁইয়া জানান, কর্মসূচি পালনের জন্য প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। মিছিল করতে বাধা দেওয়ায় ইউপিডিএফ কর্মীরা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত হামলা চালান।