খাগড়াছড়িতে গুলিতে এক ব্যক্তি নিহত
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার দুর্গম সিন্দুকছড়ি ইউনিয়নের বড়ইছড়ি গ্রামের নিজ বাড়িতে এক ব্যক্তি খুন হয়েছেন। ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাত ১২টার দিকে।
নিহত ব্যক্তি হলেন জ্যোতিময় চাকমা (৩৫)। পেশায় তিনি কৃষিকাজ করেন এবং মাঝেমধ্যে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।
গ্রামবাসী সূত্রে জানা যায়, গভীর রাতে একদল অপরিচিত লোক এসে জ্যোতিময় চাকমাকে খুঁজতে থাকে। প্রথম দিকে ঘরের ভেতরে থাকলেও পরে তিনি ঘর থেকে বের হলে অপরিচিত লোকেরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। গুলি করার পর তারা পালিয়ে যায়। এরপর গ্রামবাসী স্থানীয় নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় জ্যোতিময় চাকমাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিন্দুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুইনু প্রু চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী জানান, ঘটনাস্থলটি গুইমারা থানার আওতাধীন এলাকায় অবস্থিত। ঘটনাস্থল দুর্গম এলাকায় অবস্থিত, যাতায়াতেও খুবই অসুবিধা। লাশ বর্তমানে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।