খাগড়াছড়িতে চাকমা ভাষার তিনটি বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে চাকমা ভাষার তিনটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল রোববার খাগড়াছড়ি পর্যটন হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বই তিনটির মোড়ক উন্মোচন করা হয়।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন প্রকল্পের (ইউএনডিপি-সিএইচটিডিএফ) অর্থায়নে চাঙমা একাডেমি ও জাবারাং কল্যাণ সমিতি যৌথভাবে বই তিনটি প্রকাশ করেছে। বই তিনটি হলো: চাঙমা ভাচ্ আলাম (চাকমা ভাষার অভিধান), চাঙমা দাগ কধা (চাকমা প্রবাদ) ও এঝ চাঙমা শিঘি (চাকমা বর্ণমালার বই)।
চাঙমা একাডেমির সভাপতি সন্তোষিত চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, এই তিনটি বই চাকমা ভাষাকে সমৃদ্ধ করবে।
চাকমা ভাষা অভিধানের প্রধান সম্পাদক আর্য্যমিত্র চাকমা বলেন, অভিধানটি যদিও চাকমা ভাষা নিয়ে লেখা, তবুও অন্য ভাষাভাষীরা সহজে এটি বুঝতে পারবে।