খাগড়াছড়িতে তামাক চাষ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলায় তামাক চাষ গত বছরের তুলনায় বেড়েছে। উৎপাদিত পণ্য বাজারজাতের নিশ্চয়তা ও আগাম ঋণ তামাক চাষে কৃষকদের আগ্রহী করে তুলেছে। জেলায় তামাক চাষ বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

কৃষি বিভাগ জানায়, এ বছর জেলায় ৭৮০ হেক্টর জমিতে তামাক চাষ করা হয়েছে। গত বছর চাষ হয়েছিল ৬৮০ হেক্টরে। জেলার আটটি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি তামাক চাষ হয় দীঘিনালা উপজেলায়। চলতি বছর এখানে ৬২৪ হেক্টর জমিতে তামাক চাষ করা হয়েছে। গত বছর তা ছিল ৪৫০ হেক্টর। মাটিরাঙ্গায় গত বছর ১৫৩ হেক্টর এবং এ বছর ৬০ হেক্টরে তামাক চাষ করা হয়েছে। সদর, মহালছড়ি, রামগড় উপজেলার কিছু এলাকায়ও তামাক চাষ হয়েছে।

তামাকচাষিরা জানান, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি, আবুল খায়ের ও ঢাকা তামাক কোম্পানি জেলায় কৃষকদের তামাক চাষে আর্থিক সহায়তা দেয় এবং  উৎপাদিত তামাক কিনে থাকে। একটি তামাক কোম্পানির খাগড়াছড়ি কার্যালয়ের এক কর্মকর্তা জানান, এ বছর জেলায় তাদের প্রত্যাশা অনুযায়ী তামাক উৎপাদিত হয়েছে।