খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বিজিবি ব্যাটালিয়ন দপ্তর স্থাপনের নামে পাহাড়িদের ভূমি বেদখলের ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার বেলা আড়াইটায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন।
খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকার ইউপিডিএফ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদর উপজেলা কার্যালয় হয়ে চেঙ্গী স্কোয়ারে গেলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্যসচিব রিপন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিনা চাকমা।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকার বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের নামে দীঘিনালার বাবুছড়ার পর এবার সাজেক এলাকায় পাহাড়িদের ভূমি বেদখল করে পাহাড়িদের উচ্ছেদ করে দিচ্ছে। গতকাল (২২ জুলাই) পাহাড়িরা সাজেক এলাকার উজো বাজার এলাকায় একটি বুদ্ধমূর্তি স্থাপন করতে গেলে প্রশাসন বাধা দেয়। এর আগে ২০০৮ ও ২০১০ সালে এই এলাকায় গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে নিরীহ পাহাড়িদের উচ্ছেদের চেষ্টা করা হয়েছিল।
বক্তারা দীঘিনালা বাবুছড়ার ঘটনা উল্লেখ করে বলেন, বাবুছড়ায় বিজিবি কর্তৃক উচ্ছেদকৃত পাহাড়িদের জমি এখনো ফেরত দেওয়া হয়নি। উপরন্তু মিথ্যা মামলা দিয়ে তাদের নানা হয়রানি করা হচ্ছে। ফলে তারা এখনো ঘরবাড়ি ছাড়া হয়ে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে।