খাগড়াছড়িতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৫ বাড়ি

ভারী বর্ষণ অব্যাহত থাকায় খাগড়াছড়িতে আবারও শুরু হয়েছে পাহাড়ধস। পাহাড়ধসে চাপা পড়েছে জেলা শহরের ১৫টি বসতবাড়ি। তবে কেউ হতাহত হয়নি।
দুই দিন ধরে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অথবা নিরাপদ জায়গায় সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অনুরোধ করা হচ্ছে। অনেকটা জোর করে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিচ্ছে প্রশাসন। ঝুঁকিতে বসবাস করছে জেলায় প্রায় এক হাজার পরিবার। ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য জেলা শহরে দুটি এবং মানিকছড়ি, রামগড় ও মহালছড়িতে একটি করে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বর্ষণ অব্যাহত থাকায় আরও পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলা শহরের শালবন এলাকায় পাঁচটি, হরিনাথপাড়া গ্যাপ তিনটি, আঠার পরিবার এলাকায় চারটি ও কলাবাগান এলাকায় তিনটি বসতঘরে পাহাড়ধসে বসতঘর মাটিচাপা পড়েছে। এ ছাড়া জেলা শহরের কলাবাগান, নেন্সিবাজার, শালবন, কুমিল্লাটিলা, সবুজবাগ ও কলেজ গেট এলাকায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।
আজ দুপুরে আঠার পরিবার এলাকার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী হাসান আলী বলেন, ভোরে তাঁর তিন রুমের টিনের বাড়ি পাহাড় ধসে পড়ে যায় পাহাড়ে নিচে। বাড়ির বাইরে থাকার কারণে পরিবারের ছয় সদস্য প্রাণে বেঁচে গেছেন। সব হারিয়ে তিনি এখন নিঃস্ব।
হরিনাথপাড়া গ্যাপ এলাকার রহিমা বেগম বলেন, রাত দুইটার দিকে রান্নাঘরে পাহাড় ধসে পড়লে তিনি প্রতিবেশীর ঘরে আশ্রয় নেন।

খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিন বলেন, ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে দুই দিন ধরে মাইকিং করে অনুরোধ করা হচ্ছে। অথচ তারা সরছে না। ফলে প্রশাসনের লোকজন বাড়িঘরে গিয়ে তাদের অনেকটা জোর করে ১০টি পরিবারকে শহরের শালবাগান এলাকার জেলা প্রশাসন স্টাফ কোয়ার্টারের আশ্রয়কেন্দ্রে নিয়ে এসেছে। তবে আশ্রয়কেন্দ্রে আরও পরিবার বাড়তে পারে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম বলেন, আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার ও পানি সরবরাহ করা হয়েছে। প্রয়োজনে আশ্রয়কেন্দ্র বাড়ানো হবে।