খাগড়াছড়িতে পুলিশের বাস খাদে, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলা সদরের আলুটিলার ময়লা ডিপো এলাকায় গতকাল শনিবার রাত আটটায় বাস খাদে পড়ে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। হতাহত সবাই পুলিশের সদস্য। এঁরা ইমারজেন্সি ডিউটি (জরুরি কাজ) শেষে কুমিল্লা থেকে খাগড়াছড়িতে ফিরছিলেন।
দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্য হলেন আবু বক্কর (৩৫)। খাগড়াছড়ি সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে সিপাহি মুনির, হাসান ও জাহিদুল। অন্যরা হলেন মনিরুল, জিলানী, সাব্বির, আরাফাত, সাদ্দাম, রানা, তাজুল ইসলাম, নায়েক শৈলেন, মোজাম্মেল, হারুন, রবিউল, জাকির, জসীম, নায়েক শাহ আলম, সজীব ও হারুন-অর রশিদ।
হাসপাতালের বিছানায় শুয়ে এএসআই তাজুল ইসলাম জানান, গতকাল বেলা একটায় দায়িত্ব শেষে তারা কুমিল্লা থেকে দুটি বাসে ২৫ জন করে মোট ৫০ জন খাগড়াছড়ি ফিরছিলেন। পথে তাঁদের বাসটিতে একবার যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেটি মেরামত করার পর আবারও খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। বাসটি খাগড়াছড়ি সদরের আলুটিলার ময়লা ডিপো এলাকা অতিক্রম করার সময় বাসের চালক জানান, বাসটি ব্রেক ফেইল করেছে। বাসটি দ্রুত নিচের দিকে নামছিল। অপর দিক থেকে একটি গাড়ি আসতে তিনি দেখেছেন বলে জানান। এরপর আর কিছুই জানেন না।