খাগড়াছড়িতে পুলিশের ৫০টি গুিল খোয়া
খাগড়াছড়ি জেলা জজের বাংলোতে নিরাপত্তায় নিয়োজিত পুলিশের ৫০টি গুলি খোয়া গেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং দুজনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল সুমন মিয়া ও কনস্টেবল শাহাদাত হোসেন। পুলিশ লাইনে প্রত্যাহার হওয়া দুই সদস্য হলেন নায়েক মো. খয়বর ও কনস্টেবল মো. হাসেম।
খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মিজানুর রহমান জানান, গত শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুলিশ সদস্য সুমন মিয়া ও দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শাহাদাত হোসেন দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু বিকেলে রক্ষিত গুলির মধ্যে ৫০টি গুলি হিসাবে গরমিল দেখা দেয়। এ ব্যাপারে দুই পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁরা সদুত্তর দিতে পারেননি।
সদর থানার ওসি মিজানুর রহমান জানান, গুলি খোয়া যাওয়ার বিষয়টি বিভাগীয় শৃঙ্খলার পরিপন্থী। তাই জেলা সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই) মো. কামরুজ্জামান গতকাল সোমবার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে এ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।