খাগড়াছড়িতে বাঙালি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের সম্পর্কে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের ‘অসাংবিধানিক ও ষড়যন্ত্রমূলক’ বক্তব্যের প্রতিবাদে গতকাল শনিবার সকালে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
চেঙ্গী স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ শেষে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা মিজানুর রহমানের কুশপুত্তলিকা দাহ করার উদ্যোগ নেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয় ও কুশপুত্তলিকা কেড়ে নেয়।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এস এম মাসুম, মোস্তফা কামাল ও হুমায়ুন কবির। সমাবেশে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের সম্পর্কে অমানবিক, অসাংবিধানিক, সাম্প্রদায়িক ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।