খাগড়াছড়িতে বৈসাবি মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈসাবি মেলা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এই মেলার আয়োজন করেছে।
ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী ও জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান।
উদ্বোধনী দিনে ঐতিহ্যবাহী পানিখেলা, গড়াই নৃত্যসহ বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়।
এদিকে বৈসাবি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে খাগড়াছড়ি সর্বজনীন বৈসাবি উদ্যাপন কমিটি।
গতকাল খাগড়াছড়ি শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে কমিটির সদস্যসচিব তৃপ্তিময় চাকমা জানান, কর্মসূচির মধ্যে রয়েছে ১২ এপ্রিল ভোরে চেঙ্গী নদীতে ফুল ভাসানো, বর্ণাঢ্য শোভাযাত্রা, শান্তি ও মঙ্গলকামনায় গ্রামে গ্রামে ফানুস ওড়ানো।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রণিক ত্রিপুরা, কিরণ মারমা, দীপায়ন চাকমা, বিমল চাকমা ও সুখতারা দেওয়ান।
সংবাদ সম্মেলনে উৎসবের জন্য নিরাপদ পরিবেশসহ বিভিন্ন দাবি জানানো হয়। ১২ এপ্রিল থেকে বৈসাবি উৎসব শুরু হবে।