খাগড়াছড়িতে ভোট নিয়ে 'শঙ্কা' ও 'উৎসাহ'

খাগড়াছড়ির নয়টি উপজেলার ৩২টি ইউপিতে আজ শনিবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট সুষ্ঠু হবে—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন কর্মকর্তারা এমন আশা করলেও ভোটারদের মধ্যে শঙ্কা রয়ে গেছে। ভোটারদের পাশাপাশি অনেক প্রার্থীও দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে ভোটের পরিবেশ কেমন থাকবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তবে যেসব এলাকায় যোগাযোগব্যবস্থা ভালো, সেখানে ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ রয়েছে।
নির্বাচনের ‘সুষ্ঠু পরিবেশ’ নেই—এমন অভিযোগ এনে জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী রিপন ত্রিপুরা ২০ এপ্রিল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, খাগড়াছড়ির ৩৮টি ইউপির মধ্যে ৩৩টিতে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু উচ্চ আদালতের নির্দেশে মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউপির নির্বাচন গত বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে। এই ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনজন। যোগ্যছোলা বাদ দিয়ে আজ বাকি ৩২টি ইউপিতে নির্বাচন হচ্ছে। নির্বাচনে সব কটি ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী থাকলেও বিএনপির প্রার্থী রয়েছে ২১টিতে। জাসদ ও ইসলামী আন্দোলন দুটি করে এবং জাতীয় পার্টি একটিতে ও বাকি ৭৬ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন।
আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস ও ইউপিডিএফ নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি। তবে স্বতন্ত্র কয়েকজন প্রার্থীকে দল দুটি পৃথকভাবে সমর্থন দিচ্ছে বলে জানা গেছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ৩২টি ইউপির মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলমগীর মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচিত হতে চলেছেন। এ ছাড়া ইউপি সদস্য পদে ৯২৬ জনের মধ্যে ২০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৮৪ জনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চারজন নির্বাচিত হতে চলেছেন।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
জেলা পুলিশ সুপার মো. মজিদ আলী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ও আনসার প্রস্তুত আছে। স্থানীয় পর্যায়ের নির্বাচনে টুকটাক কিছু ঘটে। সেগুলো তেমন কোনো মারাত্মক সমস্যা নয়।’ তিনি বলেন, নির্বাচনে ১ হাজার ৮৪৩ পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১৭ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি প্রতিটি উপজেলায় ৩০ থেকে ৭৫ জন করে বিজিবি সদস্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবেন।
নির্বাচনী পরিবেশ না থাকার কারণে পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউপিতে বিএনপির প্রার্থী রিপন ত্রিপুরা ২০ এপ্রিল খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ জন্য তিনি আওয়ামী লীগ ও আঞ্চলিক দলগুলোকে দায়ী করেছেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আওয়ামী ও আঞ্চলিক দলগুলো তাঁকে প্রচারণা চালাতে বাধা দিয়েছে। এমনকি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে।
জানতে চাইলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, পানছড়ির উল্টাছড়িতে বিএনপি প্রার্থী ঘর থেকেই বের হতে পারছিলেন না। তাঁর অভিযোগ, কেবল পানছড়ি কেন, গোটা খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও আঞ্চলিক দলগুলো ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। এই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটার সম্ভাবনা নেই বলে তিনি মন্তব্য করেন।
লক্ষ্মীছড়ি উপজেলার ১ নম্বর লক্ষ্মীছড়ি সদর, ২ নম্বর দুল্যাতলী ও ৩ নম্বর বর্মাছড়ি ইউনিয়নে নির্বাচনী পরিবেশ নেই বলে গত বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের তিন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সাংবাদিকদের কাছে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। স্থানীয় যুবলীগের এক নেতার ই-মেইল থেকে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন ‘বর্জনের’ ঘোষণা ছিল। তবে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নির্দেশে ওই দিন বিকেলেই তাঁরা আবার প্রচারণা চালান।
জানতে চাইলে বর্মাছড়ি ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী নীলবর্ণ চাকমা বলেন, আঞ্চলিক রাজনৈতিক দলগুলো ভোটারদের বিভ্রান্ত করছে। কোথাও ভোটারদের ভয়ভীতিও দেখানো হচ্ছে। তিনি বলেন, ‘তাই আমরা তিনজন ২১ এপ্রিল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলাম।’ আবার নির্বাচনে থাকার বিষয়ে তিনি বলেন, ‘জেলা আওয়ামী লীগের নির্দেশে আমরা নির্বাচনী মাঠে ফিরে আসি। নিজের ইচ্ছায় সরে দাঁড়ানোর সুযোগ নেই বলে আমাদের জানিয়েছেন জেলা আওয়ামী লীগ নেতা রণ বিক্রম ত্রিপুরা।’
জেলা আওয়ামী লীগের সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা বলেন, ‘প্রধানমন্ত্রীর দস্তখতে তাঁদের প্রার্থী করা হয়। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে হলে জেলা আওয়ামী লীগকে জানাতে হয়। তাঁরা বুঝতে পেরেছেন যে, তাঁদের ওই ঘোষণা ভুল ছিল।’
ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগের বিষয়ে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা সম্পাদক নীরন চাকমা বলেন, ‘এগুলো দুটি রাজনৈতিক দলের চক্রান্ত ও ষড়যন্ত্র।’ তিনি বলেন, নির্বাচনে ইউপিডিএফ কোনো প্রার্থী দেয়নি। তবে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখাতে ভেবেচিন্তে কিছু স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছে।