খাগড়াছড়িতে ভোটে উৎসব ও অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির বিভিন্ন কেন্দ্রে সতর্ক টহল ছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের l ছবি: প্রথম আলো
খাগড়াছড়ির বিভিন্ন কেন্দ্রে সতর্ক টহল ছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের l ছবি: প্রথম আলো

কয়েকটি কেন্দ্রে গোলযোগ ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ছাড়া খাগড়াছড়ির ৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল শনিবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। অধিকাংশ কেন্দ্রে ছিল ভোটারদের দীর্ঘ সারি। তবে বিএনপি অভিযোগ করেছে, ভোটে অনিয়ম হয়েছে। অনেক কেন্দ্রে বিএনপির প্রার্থীদের এজেন্ট ছিল না। দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন পানছড়ি উপজেলার ৩ নম্বর সদর ইউপির তিনজন চেয়ারম্যান পদপ্রার্থী।
সংঘর্ষ ও অনিয়মের কারণে জেলার দীঘিনালা উপজেলার দুটি কেন্দ্রে কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ বন্ধ ছিল। অনিয়মের কারণে মাটিরাঙ্গা থেকে চারজন এবং পানছড়ি থেকে একজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা পৌনে দুইটায় কয়েকজন যুবক মাটিরাঙ্গা উপজেলার বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হানা দিয়ে ব্যালট পেপার ছিনতাই করে। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে ওই যুবকেরা পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে আটক করে। আধা ঘণ্টা পর ওই কেন্দ্রে আবার ভোট গ্রহণ শুরু হয়।
পানছড়িতে জাল ভোট দেওয়ার অভিযোগে পুলিশ একজনকে আটক করে। পানছড়ি সদর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী প্রিয়ঙ্কর চাকমা, ক্যাজরি মারমা ও আফজাল মিয়া ভোট বর্জনের ঘোষণা দেন। তাঁরা তিনজনই স্বতন্ত্র প্রার্থী। তাঁদের অভিযোগ, আওয়ামী লীগ ভোটকেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মেরেছে।
প্রিয়ঙ্কর চাকমা প্রথম আলোকে বলেন, ‘আমার এজেন্টদের বের করে দিয়েছে আওয়ামী লীগ। এরপর ওরা নৌকা মার্কায় সিল মারে। তাই ভোট বর্জন করেছি।’
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, ৩ নম্বর পানছড়ি সদর ইউপির তিনজন চেয়ারম্যান পদপ্রার্থী লিখিত অভিযোগ দিয়ে ভোট বর্জন করেছেন। তবে পানছড়িতে ভোট বর্জনের মতো কোনো ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. মজিদ আলী জানান, পুরো জেলার মধ্যে মাটিরাঙ্গায় ব্যালট ছিনতাইয়ের অভিযোগে চারজন এবং পানছড়িতে জাল ভোট দেওয়ার অভিযোগ একজন আটক হয়েছে। এ ছাড়া জেলার অন্য কোথাও গোলযোগ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, পানছড়ি, মাটিরাঙ্গা, দীঘিনালা ও মহালছড়ির একাধিক কেন্দ্রে সরকারি দল ও আঞ্চলিক সশস্ত্র রাজনৈতিক দলের ক্যাডাররা নিজেদের ইচ্ছেমতো ভোট দিয়েছে। অনেক কেন্দ্রে বিএনপির এজেন্ট কেন ছিল না তা জানতে চাইলে তিনি বলেন, ‘পাহাড়ি এলাকায় আমাদের অনেক কর্মী এজেন্ট হতে চায়নি। তবে শহরের আশপাশের ইউনিয়নগুলোতে আমাদের নেতা-কর্মীদের সরকারি দল ও আঞ্চলিক দলের ক্যাডাররা ভয়ভীতি দেখিয়েছে। এ কারণে অনেক কেন্দ্রে বিএনপির এজেন্ট ছিল না।’
মহালছড়ি উপজেলার সদর ইউপির মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন ব্যক্তি নৌকা প্রতীকে সিল মেরেছেন বলে নাম না প্রকাশের শর্তে একাধিক ভোটার অভিযোগ করেন। এই কেন্দ্রে গতকাল বেলা সোয়া ১১টা পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট পড়ে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা আ ন ম মাসুম হোসেন। তিনি দাবি করেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে কেন্দ্রের ভেতরে গিয়ে বিএনপি প্রার্থীর কোনো এজেন্টকে পাওয়া যায়নি।
মহালছড়ি সদর ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী রতন কুমার শীলের দাবি, তাঁর ইউনিয়নের নয়টি কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হয়েছে।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শত শত নারী-পুরুষ ভোট দেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। পাহাড়ি-বাঙালির কোনো ভেদাভেদ ছিল না। সকালে মহালছড়ি উপজেলার বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুই মাস বয়সী শিশুকে কোলে নিয়ে ভোট দিতে এসেছিলেন বিবি কুলসুম নামের এক নারী। তিনি বলেন, ‘ভোট আমাদের জন্য আনন্দের। তাই কোলের সন্তানকে নিয়ে কেন্দ্রে এসেছি। একটু কষ্ট হলেও ভোট দিয়ে বাড়ি যাব।’
পানছড়ি সদর ইউপির পানছড়ি বাজার উচ্চবিদ্যালয় কেন্দ্রে কথা হয় ভোটার পারমি চাকমার সঙ্গে। তিনি বলেন, জীবনে প্রথম ভোট দিয়েছেন তিনি। দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হলেও এ নিয়ে তাঁর কষ্ট নেই।
পানছড়ি উপজেলার ১ নম্বর লোগাং ইউপির লোগাং বাজার উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন নেপালী ত্রিপুরা। তাঁর বাড়ি কেন্দ্র থেকে পাঁচ কিলোমিটার দূরে। তিনি বলেন, ‘অনেক কষ্ট করে ভোট দিতে এসেছি। দুই ঘণ্টার বেশি লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে।’