খাগড়াছড়িতে মা ও শিশুকল্যাণ কেন্দ্রে রোগীর চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম সীমিত। জেলার দুটি হাসপাতালেই কেবল এই কার্যক্রম চালু আছে। এ কারণে ওই দুটি হাসপাতালে রোগীর চাপ বেশি।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, খাগড়াছড়ি সদর হাসপাতাল এবং খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম রয়েছে। এর মধ্যে নানা সীমাবদ্ধতা ও সমস্যার মধ্যে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র।

সম্প্রতি খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গিয়ে রোগীর ভিড় দেখা যায়। চলতি বছরের প্রথম চার মাসে এই কেন্দ্রের সেবার পরিসংখ্যান অনুযায়ী ২৩০টি শিশু জন্ম নিয়েছে। এর মধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে (সিজার) জন্ম হয়েছে ৪৪টি শিশুর। স্বাভাবিকভাবে প্রসব হয়েছে ১৮৬টি শিশু। মারা গেছে আটটি শিশু। এ ছাড়া এই কেন্দ্রে ২০৪ জন গর্ভবতী মাকে সেবা দেওয়া হয়েছে। সন্তান জন্ম দেওয়ার পর ১৫১ জন নারীকে চিকিৎসা দেওয়া হয়েছে। ৩২১টি শিশুকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এই কেন্দ্রে। ৭৯৮ জন সাধারণ রোগীকে এই কেন্দ্র থেকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

এ কেন্দ্রে দুজন চিকিৎসক (একজন স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ এবং একজন অবেদনবিদ), দুজন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, দুজন সহকারী নার্সিং এটেনডেন্ট রয়েছেন। কেন্দ্রের প্রধান আশুতোষ চাকমা বলেন, ‘আমরা সীমাবদ্ধতার মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকসহ নার্সের পদ বৃদ্ধি এবং চিকিৎসা-সরঞ্জামের সুযোগ-সুবিধা আরও বাড়ালে আরও উন্নত নিরাপদ মাতৃত্বসেবা দেওয়া সম্ভব হবে।’

জানা যায়, দুই বছর আগে কেন্দ্রের সামনের দেয়াল ভেঙে গেছে। এতে প্রসূতিদের অনেক অসুবিধার মধ্যেই কেন্দ্রে অবস্থান করতে হয়।

মা ও শিশু কল্যাণ কেন্দ্র সূত্র জানায়, কেন্দ্রের নিজস্ব পানি সরবরাহের ব্যবস্থা নেই। কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, এখানে একটি গভীর নলকূপ স্থাপন করা জরুরি।

খাগড়াছড়ির সিভিল সার্জন হাসান ইমাম চৌধুরী বলেন, প্রসূতিদের সেবা জেলার সব হাসপাতালেই দেওয়া হয়। তবে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম শুধু জেলার দুটি হাসপাতালেই আছে। তিনি বলেন, জেলা সদরের বাইরে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।