খাগড়াছড়িতে শান্তিপূর্ণ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দু-একটি বিছিন্ন ঘটনা ছাড়া খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।
খাগড়াছড়ি পৌরসভার ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন। নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। তবে দুপুরের পর থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল না বললেই চলে।
খাগড়াছড়ির ৫ নম্বর ওয়ার্ডের যুব প্রশিক্ষণকেন্দ্রে দুজন ভোটার অভিযোগ করেন, তাঁদের ভোট দেওয়া হয়ে গেছে। নাজমা আক্তার ও পারুল আক্তার নামের ওই দুই নারী বলেন, তাঁরা ভোট দিতে পারেননি। অন্য কেউ তাঁদের ভোট দিয়ে চলে গেছেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বিপ্লব বড়ুয়া বলেন, ওই দুই নারীর অভিযোগ যাচাই করে দেখা হচ্ছে।
দুপুর দেড়টার দিকে কুমিল্লাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে দেখা যায়, ভোটারদের লাইন নেই।
ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শরৎ কুমার ত্রিপুরা বলেন, দুপুরের ভেতরে ৯৬৩টি ভোটের মধ্যে ৫৬০টি ভোট পড়েছে।
মো. আবুল কাশেম ও মর্জিনা বেগম নামের দুই ভোটার বলেন, ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ভোট দিতে কোনো সমস্যা হয়নি।
সরকারি মহিলা কলেজকেন্দ্রের ভোটার আথুইমা মারমা (৩২), মংসাপ্রু মারমা (২৮), ম্রাচিং মারমা (৩২), যুব প্রশিক্ষণকেন্দ্রের সুপ্রা ত্রিপুরা (২৮), কুমিল্লাটিলার কাউন্সিলর প্রার্থী মানিক মিয়া পাটোয়ারী বলেন, ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে।
খাগড়াছড়ি পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন বলেন, পৌরসভার সব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। কোনো ভোটকেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন যুবক মাটিরাঙ্গা পৌরসভার পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ঢুকে জোর করে মেয়র প্রার্থীর নয়টি ও সাধারণ কাউন্সিলর প্রার্থীর ৪৯টি ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢুকিয়ে দেন। খবর পেয়ে বিএনপির মেয়র পদপ্রার্থী সেখানে গেলে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মো. সেলিম (২৫) নামের এক যুবককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত ওই ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দেন।
মাটিরাঙ্গা পৌরসভার পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কাজী আমান উল্লাহ চৌধুরী বলেন, ব্যালট পেপারগুলো বাতিল করা হয়েছে। কারণ, সেগুলোতে প্রিসাইডিং কর্মকর্তার সই ছিল না।
মাটিরাঙ্গা পৌরসভার বিএনপির মেয়র পদপ্রার্থী বাদশা মিয়া বলেন, ‘১৮ নম্বর ওয়ার্ডের ওই কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও আমার ওপর হামলা ছাড়া আর কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
মাটিরাঙ্গা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুল আলম বলেন, মাটিরাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়কেন্দ্রে একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া সব কেন্দ্রে ভোট সুষ্ঠু পরিবেশে শেষ হয়েছে।