খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ আজ
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতার মুক্তির দাবিতে আজ মঙ্গলবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বাঙালি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেওয়া হয়।
খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন সাহাজল ইসলাম, তাহেরুল ইসলাম, নুরুল আলম, জহিরুল ইসলাম৷
সমাবেশে বক্তারা ঘোষণা করেন, চাঁদাবাজির মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাসুমকে মুক্তি না দিলে আজ খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
খাগড়াছড়ি সদর উপজেলায় তথ্যপ্রযুক্তি প্রকল্পের ভবন নির্মাণের সময় ঠিকাদারের কাছ থেকে চাঁদা দাবি করায় পুলিশ গত ১২ জুন এস এম মাসুমকে গ্রেপ্তার করে৷