খাগড়াছড়িতে সাংবাদিকের জিডি তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে নিরাপত্তা চেয়ে ৩৫ সাংবাদিকের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সুফিয়ান মো. নোমান। গত বৃহস্পতিবার সাংবাদিকদের করা জিডি তদন্তের জন্য খাগড়াছড়ি সদর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাঈনউদ্দিন ভূঁইয়া আবেদন করলে আদালত এই আদেশ দেন।

মাঈনউদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘৩৫ সাংবাদিকের করা জিডি তদন্তের জন্য আমি আদালতে আবেদন করি। আদালত ওই জিডি তদন্তের অনুমতি দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘ঘটনার দিন যারা সাংবাদিকদের হুমকি দিয়েছে, সেখানে দিদার ছাড়া অন্যদের পরিচয় আমি এখনো পাইনি। সাংবাদিকেরা তো সন্ত্রাসীদের চেনেন। আসামিদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিতে হলে প্রত্যেক সন্ত্রাসীর পরিচয় আমাকে দিয়ে সহযোগিতা করতে হবে। তাতে আমার কাজ সহজ হয়ে যাবে।’

প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক নীরব চৌধুরীকে মারধর করার প্রতিবাদে ২০ ডিসেম্বর স্থানীয় ৩৫ জন সাংবাদিক খাগড়াছড়ি সদর এলাকার শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। খাগড়াছড়ি পৌর মেয়র মো. রফিকুল আলমের অনুসারী দিদারুল আলমের নেতৃত্বে ৪০-৪৫ জন সন্ত্রাসী শাপলা চত্বরে এসে সাংবাদিকদের অশ্রাব্য ভাষায় গালাগাল করে বক্তৃতা দেওয়া শুরু করে। তারা ‘একটি-দুটি সাংবাদিক ধর, ধরে ধরে জবাই কর, সাংবাদিকদের আস্তানা-জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেয়। এ সময় সন্ত্রাসীরা একে একে ৩৫ জন সাংবাদিকের ছবি মুঠোফোনের ক্যামেরায় ধারণ করে। ওই সময় সন্ত্রাসীদের হাতে কিরিচ ও লাঠিসোঁটা ছিল। এ ঘটনায় ৩৫ সাংবাদিক ২০ ডিসেম্বর দুপুরে থানায় জিডি করেন।

১৮ ডিসেম্বর সকালে খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে বালু তোলার ছবি তুলতে গেলে নীরবকে মোটরসাইকেলে তুলে নিয়ে পৌর কার্যালয়ে নিয়ে যান মেয়রের অনুসারী দিদারুল আলম। পরে পৌর কার্যালয়ে মেয়র রফিকুল আলম নীরব চৌধুরীকে মারধর করেন।