খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত
টানা বর্ষণে খাগড়াছড়ি সদরের নিম্নাঞ্চল পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। পৌর এলাকাসহ সদর উপজেলার অনেক গ্রামের মানুষ নিরাপদ আশ্রয়ে অন্যত্র চলে গেছেন। পাহাড়ি ঢলে আমন ধানের বীজতলা তলিয়ে যাওয়ার ফলে কৃষকেরা ক্ষতির সম্মুখীন হয়েছেন।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বলেন, রোববার রাতে মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া ৫০০ বন্যাদুর্গত পরিবারকে খাগড়াছড়ি পৌরসভার পক্ষ থেকে শুকনো খাবার, ওষুধপত্র ও মোমবাতি সরবরাহ করা হয়েছে।
কমলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুপন চাকমা জানান, এ ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের অনেক এলাকা তিন দিন ধরে পানির নিচে ডুবে আছে। খাগড়াছড়ি সদর-কমলছড়ি-দাতকুপ্যা হয়ে মাইচছড়ি সড়কটিও ডুবে গেছে। এ ইউনিয়নের ১০-১২ পরিবারের ঘরবাড়ি ডুবে গেছে। অনেক গ্রামের কৃষকের আমন ধানের বীজতলা ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউপি চেয়ারম্যান পানি নেমে যাওয়ার পর ক্ষতি নিরূপণ করা হবে বলে জানান।
খাগড়াছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মুনি শংকর চাকমা জানান, তার ওয়ার্ডের গড়গর্য্যাছড়ি গ্রামে তিনটি ঘর ডুবে গেছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান জানান, বহু এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার মানুষের খোঁজখবর নেওয়া হচ্ছে। পৌর এলাকার মধ্যে বন্যাদুর্গতদের খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া পাহাড়ের ঢালে বসবাসরত লোকজনদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হয়েছে।