বেইলি সেতু ভেঙে যাওয়ায় খাগড়াছড়ি সদর ও পানছড়ি উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকাল রোববার বিকেলে সড়কের খাগড়াছড়ি অংশের কুকিছড়া এলাকায় অতিরিক্ত মালবোঝাই (কাঠ) একটি ট্রাক বেইলি সেতু পার হওয়ার সময় সেতুটি ধসে যায়। এ সময় ট্রাকটিও উল্টে ছড়ায় পড়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কুকিছড়া এলাকার স্থানীয় বাসিন্দা বলেন, কাঠবোঝাই ট্রাকটি পানছড়ি থেকে খাগড়াছড়ি সদরে যাচ্ছিল। বেইলি সেতুটি অনেক দিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। যে কারণে পাশে নতুন সেতু তৈরির কাজ চলছে। পুরোনো বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হলেও কোনো সর্তক চিহ্ন ছিল না।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটি উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের খাগড়াছড়ি কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, অতিরিক্ত মালবোঝাই ট্রাক চলাচলের কারণে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের বেইলি সেতুগুলোর ক্ষতি হচ্ছে।
গত বুধবারও এই সড়কে লতিবান ছড়ার বেইলি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, কুকিছড়া বেইলি সেতু ধসে যাওয়ায় সেখানে দ্রুত আরেকটি বিকল্প সেতু তৈরির চেষ্টা চালাচ্ছেন তাঁরা। সোমবারের মধ্যে এটি চালু করা সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন।