খাগড়াছড়ি ও রাঙামাটিতে বিক্ষোভ, শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় আদিবাসী কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। গত বুধবার দুপুরে আদিবাসী ওই কিশোরী তার চাচাতো ভাইয়ের সঙ্গে ভাড়া করা মোটরসাইকেলে করে আত্মীয়র বাড়িতে যাচ্ছিল। পথে লক্ষ্মীছড়ি উপজেলার মগাইছড়িতে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। পরে মোটরসাইকেলচালক ও চাচাতো ভাইকে মারধর করে মেয়েটিকে ধর্ষণ করা হয়। এ ব্যাপারে ওই কিশোরীর ভাই লক্ষ্মীছড়ি থানায় মামলা করেন। গতকাল খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কয়ারে খাগড়াছড়ি সরকারি কলেজের ‘সাধারণ ছাত্র-ছাত্রী’ ব্যানারে আদিবাসী শিক্ষার্থীরা মানববন্ধন করে ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ ছাড়া জেলা সদরের মহাজন পাড়া থেকে হিল উইমেন্স ফেডারেশন একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চেঙ্গী স্কয়ার হয়ে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে বক্তারা বলেন, বসতি স্থাপনকারীদের হাতে ধর্ষণের শিকার ওই মেয়েটি অভিযোগ করার পরও লক্ষ্মীছড়ি থানার পুলিশ ধর্ষণের মামলা না নিয়ে ধর্ষণচেষ্টার মামলা নথিভুক্ত করেছে। এর মধ্য দিয়ে প্রশাসন অপরাধীদের রক্ষার চেষ্টা করছে। বক্তারা অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগীর সুচিকিৎসা ও যথোপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থুইক্যচিং মারমা ও খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা। এ ছাড়া জেলার মহালছড়ি ও পানছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল হয়েছে।এ দিকে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনিল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।