খাগড়াছড়ি ও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড ও খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন সৈয়দ মোহাম্মদ মাসুদ (২৮) ও সুমন চাকমা (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত রোববার রাত সাড়ে নয়টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপো গেট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রামমুখী একটি মিনিবাসকে পেছন থেকে একটি লরি ধাক্কা দেয়। এ সময় মিনিবাসটি মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে মাসুদ নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের সাত যাত্রী। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ পাঠান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এ ছাড়া লরিটি আটক করা হয়।
এদিকে গতকাল সোমবার বেলা একটার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের খাগড়াপুর এলাকায় জিপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুমন চাকমা নামের এক ব্যক্তি নিহত ও চারজন আহত হন। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী। অটোরিকশাটি খাগড়াছড়ি থেকে দীঘিনালা যাচ্ছিল।
আহত ব্যক্তিরা হলেন সত্রিকা চাকমা (৩০), তাতি চাকমা (৩৫), মেঘলিপ চাকমা (৪০) ও টাইটা চাকমা (৩৫)।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।