খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দলীয় নেতারা স্থানীয় জেলা পরিষদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগ দাবি করেছেন। জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে গত শনিবার খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নেতারা জেলা পরিষদের কর্মকাণ্ডে অস্বচ্ছতা, নেতা-কর্মীদের মূল্যায়ন না করা, ঘুষের বিনিময়ে চাকরি দেওয়াসহ নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অভিযোগ করেন, জেলা পরিষদ সরকারঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপায়ণেও ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। সভায় অনেক নেতা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের দাবি জানান।জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সমীর দত্ত চাকমা জানান, সভায় সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের ওপর জেলা নেতারা গুরুত্বারোপ করেন। আগামী ২০ এপ্রিল থেকে ১৫ মের মধ্যে জেলার সব পর্যায়ে সম্মেলন সম্পন্ন করারও সিদ্ধান্ত এ সময় গৃহীত হয়। সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জ্যেষ্ঠ সহ-সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা ও রণবিক্রম ত্রিপুরা বক্তব্য দেন।