খাগড়াছড়ি থেকে নিখোঁজ শিশু ভারতে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে বাচপান বাঁচাও আন্দোলনের আশ্রয়কেন্দ্রে নুরুল ইসলাম  l ছবি: সংগৃহীত
ভারতে বাচপান বাঁচাও আন্দোলনের আশ্রয়কেন্দ্রে নুরুল ইসলাম l ছবি: সংগৃহীত

আট বছর আগে হারিয়ে গিয়েছিল খাগড়াছড়ি শহরের শালবন এলাকার শিশু নুরুল ইসলাম। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে নুরুলকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল পরিবার। হঠাৎ তার পরিবারের কাছে আসে সুখবর। নুরুলকে পাওয়া গেছে ভারতে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, গত জুলাইয়ের শেষের দিকে ভারতের দিল্লি থেকে নুরুল ইসলামকে উদ্ধার করে বাচপান বাঁচাও আন্দোলন নামের একটি বেসরকারি সংস্থা। পরে সংস্থাটি ভারতে বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করে। নুরুল ইসলাম বর্তমানে দিল্লিতে বাচপান বাঁচাও আন্দোলনের আশ্রয়কেন্দ্রে আছে।
হারিয়ে যাওয়ার সময় নুরুল ইসলামের বয়স ছিল সাত বছর।
পুলিশ সূত্র জানায়, নুরুল ইসলামের সন্ধান পাওয়ার পর তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
নুরুল ইসলামের বাবা রিকশাচালক সরবত আলী জানান, তাঁর একার পক্ষে সংসার চালানো সম্ভব না হওয়ায় তিনি তিন ছেলেকে বিভিন্ন দোকানে কাজ করতে দিয়েছিলেন। মেজো ছেলে নুরুল ইসলামকে কাজ করতে দেন খাগড়াছড়ি নতুন পুলিশ লাইনের সামনের একটি চায়ের দোকানে। ওই সময় সে হারিয়ে যায়।
নুরুল ইসলামের মা ফাতেমা বেগম বলেন, ‘অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও ছেলেকে না পেয়ে একপর্যায়ে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলীর সহযোগিতায় প্রায় আট বছর পর ছেলের সঙ্গে মোবাইলে কথা বলেছি। ছেলে আমাকে চিনতে পেরেছে। তবে বাংলা অনেকটা ভুলে গেছে। সে এখন হিন্দি ও বাংলার মিশ্রণে কথা বলছে।’ তিনি বলেন, তাঁরা এখন ছেলের অপেক্ষায় আছেন।
মো. মজিদ আলী সাংবাদিকদের বলেন, ‘ভারতের দিল্লির এনজিও বাচপান বাঁচাও আন্দোলনের এক কর্মকর্তার কাছ থেকে তথ্য পেয়ে হারিয়ে যাওয়া নুরুল ইসলামের পরিবারকে খুঁজে বের করি। ভারতে বাংলাদেশের হাইকমিশনে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি।’ তিনি বলেন, নুরুল ইসলামকে তার পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করছেন।
বাচপান বাঁচাও আন্দোলনের যোগাযোগ কর্মকর্তা পরমা আচার্যী সাংবাদিকদের জানান, দিল্লিতে বেশ কিছু শিশুর সঙ্গে গত জুলাইয়ের শেষের দিকে নুরুল ইসলামকে উদ্ধার করা হয়।